এশিয়া কাপে লিটনদের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বের ম্যাচগুলোর ভেন্যু অবশেষে ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিসি জানিয়েছে, এবারের টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে।
টুর্নামেন্টের ১৯ দিনব্যাপী এই আয়োজনে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দলের জন্য পুরো গ্রুপ পর্বের ভেন্যু নির্ধারণ করা হয়েছে আবুধাবিতে। লিটন দাসদের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচও আবুধাবিতে খেলবে টাইগাররা।
সবকটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। পুরো টুর্নামেন্টের ম্যাচ শুরুর সময় রাত ৮টাই নির্ধারিত থাকলেও একটি ব্যতিক্রম থাকছে। ১৫ সেপ্টেম্বর আমিরাত ও ওমানের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়, কারণ ওই দিন একই ভেন্যুতে রয়েছে দুটি ম্যাচ।
উল্লেখ্য, আগেই গ্রুপিং ও প্রতিপক্ষ নির্ধারিত হলেও, ভেন্যু ঘোষণা হয়নি। এবার তা চূড়ান্ত করল আয়োজক সংস্থা এসিসি।
ভোরের আকাশ//হ.র