অ্যাড-হক কমিটি ভেঙেই নির্বাচনের প্রস্তুতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের অ্যাড-হক কমিটি এখন মূলত নতুন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। এই কমিটির প্রধান দায়িত্ব ৯০ দিনের মধ্যে বিসিবি নির্বাচন সম্পন্ন করা।
এরই মধ্যে তামিম ইকবাল জানিয়েছেন, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই লক্ষ্যেই কার্যক্রম এগোচ্ছে।
নিয়ম অনুযায়ী, অ্যাড-হক কমিটির কোনো সদস্য নির্বাচনে অংশ নিতে চাইলে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে হবে। ফলে বর্তমান কমিটির একাধিক সদস্য ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, এই কমিটি থেকে প্রায় ৭ থেকে ৮ জন সদস্য পরবর্তী বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তামিম ইকবাল আগেই নির্বাচন করার কথা জানিয়েছেন। এছাড়া রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহারাও নির্বাচনে অংশ নিতে পারেন।
তবে অনেকেই দায়িত্ব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তানজীল চৌধুরী আগেই নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। একইভাবে আতহার আলী খানও নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে গুঞ্জন ছিল সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নুর ভবিষ্যৎ নিয়ে। অবশেষে তিনি নিশ্চিত করেছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন। ঢাকা পোস্টকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে লড়বেন এবং তার আগে অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করবেন। তার মতে, ক্লাব না থাকায় তিনি ক্যাটাগরি সি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সব মিলিয়ে আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে ক্রিকেট অঙ্গনে এখন ব্যস্ততা ও আলোচনা তুঙ্গে।
ভোরের আকাশ/সু.পা