১৩ বার মাথায় আঘাত পেয়ে অবসর নেওয়া ক্রিকেটার পাচ্ছেন ক্ষতিপূরণ

খেলতে গিয়ে ১৩ বার মাথায় আঘাত পাওয়া সাবেক ক্রিকেটার উইল পুকোভস্কির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও রাজ্য দল ভিক্টোরিয়া। পুকোভস্কিকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
তবে আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি।
ফক্স স্পোর্টস জানিয়েছে, ক্যারিয়ার শেষ করে দেওয়া ১৩টি কনকাশনের ক্ষতিপূরণ হিসেবে পুকোভস্কি, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট ভিক্টোরিয়ার মধ্যে গোপন আর্থিক চুক্তি হয়েছে।
২৮ বছর বয়সী পুকোভস্কি এখনো মাথায় আঘাতের নানা সমস্যায় ভুগছেন। এর মধ্যে দৃষ্টিশক্তির সমস্যা, মাথাব্যথা, বমিভাব এবং শরীরের বাঁ পাশ দিয়ে বিভিন্ন কাজ করতে সমস্যা রয়েছে।
ভবিষ্যতে দীর্ঘমেয়াদি মস্তিষ্কের রোগ ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথিতে (সিটিই) আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে তাঁর।
ক্রিকেট অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার সঙ্গে সমঝোতার পাশাপাশি নিজের স্কুল ব্রাইটন গ্রামারের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিয়েছেন পুকোভস্কি। ২০১৪ সালে স্কুলে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের অনুশীলনের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৬ বছর।
জ্ঞান ফেরার কয়েক মিনিটের মধ্যেই তাকে আবার অনুশীলনে ফেরানো হয়েছিল বলে অভিযোগ পুকোভস্কির। পরে কয়েক মাস স্কুলে যেতে পারেননি এবং হাসপাতালে চিকিৎসাও নিতে হয়।
ওই ঘটনা নিয়ে পুকোভস্কি বলেছিলেন, ‘এটা অদ্ভুতভাবে আমার জীবনের সবচেয়ে বড় দিন। কারণ ওই দিনের পর থেকে আমি আর কখনো আগের মতো অনুভব করিনি।’
পুকোভস্কি আরো বলেছিলেন, ‘আমি এমন একজন মানুষ ছিলাম, যে যেকোনো কিছু করতে প্রস্তুত থাকত।
কিন্তু এরপর দীর্ঘ সময় আমাকে সোফায় বসে কিছুই না করে কাটাতে হয়েছে।’
২০২১ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় পুকোভস্কির। ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচে তার ব্যাটিং গড় ছিল ৪৫.১৯; সেঞ্চুরি ৭টি।
তবে একের পর এক মাথায় আঘাত পুকোভস্কির সম্ভাবনাময় ক্যারিয়ার থামিয়ে দেয়। ২০২৪ সালে চিকিৎসকদের পরামর্শে তিনি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন।
ভোরের আকাশ/ এনউব