বিপুল ভোটে জিতে কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে বড় ব্যবধানেই জয় পেয়েছেন তিনি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সভাপতি পদে ছিলেন দুই প্রার্থী-সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং বর্তমান ক্রিকেটার মিঠুন। ভোটযুদ্ধে মিঠুন পান ১৫৪ ভোট, আর শাহেদ পান মাত্র ৩৪ ভোট। ফলে ১২০ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন মিঠুন। দুটি ব্যালট বাতিল হয়েছে।
এবারের নির্বাচনে ভোটাধিকার ছিল ২১৫ জন ক্রিকেটারের। এর মধ্যে ১৯০ জন ভোট দেন-১৬০ জন সরাসরি কেন্দ্রে এসে, আর ৩০ জন অনলাইনে। সভাপতি ছাড়া অন্য ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ফলে সেসব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মিঠুনের নেতৃত্বাধীন নতুন কমিটিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট এবং ইমরুল কায়েস। এদের মধ্যে ছয়জন এখনো নিয়মিত খেলছেন।
ভোরের আকাশ/এসএইচ