মাত্র ১১ মিনিটেই মাঠ ছাড়লেন মেসি, ইনজুরি নিয়ে বাড়ছে উদ্বেগ

লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাঠে নামার পর মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়েন লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন হঠাৎ থেমে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। এরপর ফিজিও এসে পরীক্ষা করার পর তাঁকে বদলি করে মাঠের বাইরে নেওয়া হয়। মাঠ ছাড়লেও নিজ পায়ে হেঁটে বের হন মেসি, তবে তাঁর মুখে ছিল অস্বস্তির ছাপ।
মেসির এই আকস্মিক বিদায়ে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে দারুণ উদ্বেগ। শুরুতে ধারণা করা হচ্ছিল, হয়তো হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। তবে ইএসপিএন আর্জেন্টিনার কন্ট্রিবিউটর ক্লদিও ফুটবল এক অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, মেসির হ্যামস্ট্রিংয়ে ‘টেন্ডারনেস’ এবং কিছুটা ‘ব্রুইজিং’ পাওয়া গেছে। যদিও বড় ধরনের ছিঁড়ে যাওয়ার মতো কিছু হয়নি, তবে কতদিন মাঠের বাইরে থাকবেন— তা এখনই নিশ্চিত নয়।
মায়ামি হেরাল্ডের স্পোর্টস রিপোর্টার মিশেল কাউফম্যান জানিয়েছেন, মেসির ইনজুরি মূলত ডান উরুর ওপরের অংশে। যদি এটি হ্যামস্ট্রিং-সংক্রান্ত হয়, তাহলে তিনি লিগস কাপের বাকি অংশে আর মাঠে ফিরতে পারবেন না। গুঞ্জন রয়েছে, মেসি কমপক্ষে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন,
“লিও হ্যামস্ট্রিংয়ে কিছু অস্বস্তি অনুভব করেছিল। খুব গুরুতর মনে হয়নি, কারণ তেমন কোনো ব্যথা ছিল না। তবে সে নিজেই জানিয়েছে সমস্যার কথা, তাই আমরা পরিবর্তন করেছি। পুরো রিপোর্ট সোমবার হাতে আসবে।”
মেসির সতীর্থ জর্দি আলবা বলেন,
“ইতিহাসের সেরা খেলোয়াড় আমাদের দলে ইনজুরিতে পড়েছে— এটা খুব কষ্টের। ওর গুরুত্ব বলে বোঝানোর কিছু নেই। আশা করি, গুরুতর কিছু নয়।”
অন্যদিকে, নেকাক্সার হয়ে প্রথম গোল করা তেলাসকো সেগোভিয়া জানিয়েছেন,
“আমি মেসিকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছে। সে বলেছে ভালো আছে, তবে এখনো কোনো মেডিকেল টেস্ট হয়নি।”
ইনজুরির চূড়ান্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত ভক্ত-সমর্থকদের উদ্বেগ কাটছে না। মেসির দ্রুত সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রার্থনার ঢল।
ভোরের আকাশ//হ.র