বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। এর আগে তিনি বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি, বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আগে এই দায়িত্বে ছিলেন পরিচালক ইশতিয়াক সাদেক, যিনি ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে নির্বাচিত হয়ে বিসিবিতে পরিচালক পদে এসেছিলেন। দায়িত্ব পাওয়ার কিছু মাসের মাথায় ইশতিয়াক পদত্যাগ করেন, যা তিনি সময়ের অভাবে দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার কারণে জানিয়েছেন। তবে তার পদত্যাগপত্র এখনও বিসিবি গ্রহণ করেনি।
আসিফ আকবর কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা দেশের ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এর মধ্যেই তিনি নতুন দায়িত্ব পেয়েছেন।
পরিচালক নির্বাচিত হওয়ার পর আসিফের দায়িত্ব ছিল বয়সভিত্তিক ক্রিকেট, যা এখন গেম ডেভলপমেন্টের দায়িত্বের সঙ্গে যুক্ত হলো।
ভোরের আকাশ/এনএস