টিকিটের দাম কমিয়েও মাঠে দর্শক টানতে ব্যর্থ বিশ্বকাপ

চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপকে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ বলা হয়। সাধারণত এই আসরের প্রতি সমর্থকদের আগ্রহ থাকে সর্বোচ্চ পর্যায়ে। তবে এবারের বিশ্বকাপে দেখা যাচ্ছে ব্যতিক্রমী চিত্র, যেখানে টিকিটের দাম কমিয়েও গ্যালারি পূর্ণ করতে ব্যর্থ হয়েছে আয়োজক ফিফা।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকলেও পরবর্তী ম্যাচেই দেখা যায় ভিন্ন দৃশ্য। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচে গ্যালারির উল্লেখযোগ্য অংশ ছিল খালি।
ফিফা ম্যাচ শুরুর এক সপ্তাহ আগে জানায়, প্রায় ১ লাখ ৮০ হাজার টিকিট অবিক্রীত রয়ে গেছে। এরপর কম মূল্যে টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত দর্শক পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, ভিসা জটিলতা, টিকিট ব্যবস্থাপনার দুর্বলতা এবং ভ্রমণসংক্রান্ত সমস্যার কারণে অনেক সমর্থক মাঠে উপস্থিত হতে পারেননি। এসব কারণে বিশ্বকাপের দর্শক উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।
কোরিয়া–চেক প্রজাতন্ত্র ম্যাচে খালি গ্যালারির দৃশ্য ফুটবল ভক্তদের হতাশ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার ব্যবস্থাপনা নিয়ে সমালোচনাও বাড়ছে। ফলে এবারের বিশ্বকাপ আয়োজন ঘিরে মাঠের বাইরের চ্যালেঞ্জও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ভোরের আকাশ/সু.পা