এসএ২০ নিলামে দল পেলেন তাইজুল

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০–তে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। যদিও এবারের নিলামে ২৩ জন টাইগার ক্রিকেটার নাম দিয়েছিলেন। এরপর চূড়ান্ত তালিকায় জায়গা হয় ১৪ জনের। সেখান থেকে কেবল তাইজুলকে কিনেছে ডারবান সুপার জায়ান্টস। যেখানে তার পারিশ্রমিক ধরা হয়েছে ৩৪ লাখ ৯০ হাজার টাকা (৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড)।
৭৮২ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্যে বাছাই করা ৫৪১ জনকে নিয়ে মঙ্গলবার শুরু হয় নিলাম। দিনজুড়ে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারকে ঘিরেই ছিল নীরবতা। তবে শেষ দিকে ভিন্ন রঙ ছড়ালেন তাইজুল। অভিজ্ঞ এই স্পিনারকে ডারবান দলে ভিড়িয়ে নিলাম প্রক্রিয়ায় খানিকটা স্বস্তি আনল বাংলাদেশ ক্রিকেট।
এবারের নিলামে ১৪ জন বাংলাদেশি ক্রিকেটার ছিলেন—তাদের মধ্যে লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন পরিচিত মুখও ছিলেন তালিকায়। কিন্তু নিলামের প্রথম দিকে সুযোগ মেলেনি কারও। শেষ দিকে তাইজুল দলে জায়গা করে নেওয়ায় বাংলাদেশের প্রতিনিধি শূন্য থাকার শঙ্কা কাটল।
টেস্টে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার তাইজুল, এবার সুযোগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে টি-টোয়েন্টি মঞ্চে নিজেকে প্রমাণ করার। ডারবান সুপার জায়ান্টসের দলে তিনি হতে পারেন গুরুত্বপূর্ণ ঘূর্ণি অস্ত্র।
ভোরের আকাশ/তা.কা