বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানছেন অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের আগে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টাইগারদের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সতর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি।
ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে লড়াই নিয়ে কথা বলেন কামিন্স। বাংলাদেশকে কেমন প্রতিপক্ষ হিসেবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না, আমি কখনো সহজ কোনো টেস্ট ম্যাচ খেলেছি। তাই বাংলাদেশও শক্ত প্রতিপক্ষ হবে বলেই আমার ধারণা। আমাদের কয়েকজনের বিপক্ষে তাদের কয়েকজন ক্রিকেটারকে আমরা আসলে খুব একটা দেখিনি। ফলে টেস্টের আগে কিছুটা অজানাও থাকবে। তবে গত কয়েক বছরে তারা বেশ কিছু বড় জয় পেয়েছে এবং দলে বেশ কিছু ভালো প্রতিভা রয়েছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।’
বাংলাদেশের বর্তমান দল সম্পর্কে এখনই চূড়ান্ত কোনো মূল্যায়নে যেতে চান না কামিন্স। তিনি বলেন, ‘এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞেস করলে আরও ভালোভাবে বলতে পারব। তবে আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে আপনি কিছুটা নার্ভাস থাকবেন, কারণ তাদের দলে বেশ কিছু বড় মাপের খেলোয়াড় রয়েছে।’ ডারউইনের মারারা স্টেডিয়ামের উইকেট নিয়েও ইতিবাচক ধারণা দিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তাঁর মতে, উইকেটটি শক্ত এবং ব্যাটিংয়ের জন্য সহায়ক হতে পারে।
কামিন্স বলেন, ‘উইকেটটা সত্যিই ভালো মনে হচ্ছে। আমি সেখানে গিয়ে অনুভবও করেছি। দেখতে ও স্পর্শে বেশ শক্ত মনে হয়েছে। গত বছর এখানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি ম্যাচ হয়েছিল এবং সেটি বেশ ভালো ব্যাটিং উইকেট ছিল। তবে পেস ও বাউন্সও ছিল। তাই এখানে ঠিক কী ধরনের উইকেট পাব, সেটা নিয়ে খুব বেশি কিছু জানি না। তবে দেখতে ভালোই লাগছে।’ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশ দলকে নিয়ে স্বাগতিক অধিনায়কের এমন সতর্ক অবস্থান টাইগারদের জন্য বাড়তি আত্মবিশ্বাসের কারণ হতে পারে।
ভোরের আকাশ/সু.পা