নিরাপত্তা ইস্যুতে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করেছে ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শেষ মুহূর্তে তাদের স্টেডিয়াম নীতিমালায় পরিবর্তন এনে ২০২৬ বিশ্বকাপের ভেন্যুগুলোতে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহন নিষিদ্ধ করেছে। ফলে দর্শকদের স্টেডিয়ামের ভেতর থেকেই বোতলজাত পানি কিনতে হবে।
এর আগে গত মাস পর্যন্ত ফিফার আনুষ্ঠানিক স্টেডিয়াম আচরণবিধিতে উল্লেখ ছিল, সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল স্টেডিয়ামে আনা যাবে। তবে বুধবার প্রকাশিত হালনাগাদ নির্দেশিকায় সেই বিধান বাতিল করা হয়েছে।
নতুন আচরণবিধিতে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ধরনের পুনরায় ব্যবহারযোগ্য বা রিফিলযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না।
এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ফিফার এক মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, বিশ্বকাপের কয়েকটি ভেন্যুতে আগে থেকেই এ ধরনের বোতল বহনে নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
বিবৃতিতে ফিফা বলেছে, খেলোয়াড়, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বোতল নিক্ষেপ বা অন্যান্য কারণে আঘাতের ঝুঁকি কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দর্শকদের স্বস্তি দিতে স্টেডিয়াম এলাকায় বিভিন্ন ধরনের তাপ-নিয়ন্ত্রণ সুবিধা রাখার কথা জানিয়েছে ফিফা। এর মধ্যে থাকবে কুয়াশা-স্প্রে স্টেশন, শীতলীকরণ পাখা, পানি সরবরাহ কেন্দ্র এবং শীতলায়ন তাঁবু। পাশাপাশি স্টেডিয়ামের ভেতরে বিক্রি হওয়া বোতলজাত পানির দাম সংশ্লিষ্ট ভেন্যুতে আয়োজিত অন্যান্য ইভেন্টের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হবে বলেও জানানো হয়েছে।
ফিফার এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ২০২৬ বিশ্বকাপ চলাকালে কয়েকটি খোলা স্টেডিয়ামে অতিরিক্ত গরম দর্শকদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
গত মাসে প্রকাশিত ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১০৪ ম্যাচের মধ্যে ২৬টি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে পারে, যেখানে ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার (ডব্লিউবিজিটি) ২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে।
ডব্লিউবিজিটি হলো মানবদেহে তাপজনিত চাপ পরিমাপের একটি সূচক, যা তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি এবং সূর্যালোকের প্রভাব বিবেচনায় নিয়ে নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও তীব্র গরম নিয়ে দর্শকদের অভিযোগ ছিল। সে সময়ও অনেক ভেন্যুতে সমর্থকদের নিজস্ব পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
ভোরের আকাশ/সু.পা