পেনাল্টির আগে বাকযুদ্ধ, গোলের পর নেইমারের জবাব

শেষ ষোলোর হাই-ভোল্টেজ লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ফলে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন আরও একবার অধরাই থেকে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে সেলেসাওদের।
ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন বদলি হিসেবে নামা নেইমার। পেনাল্টি নেওয়ার আগে নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ডের সঙ্গে তার কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
ইতোমধ্যে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ব্রাজিলের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্যান্টাস্টিকো’ পেনাল্টির আগে নেইমার ও নিল্যান্ডের কথোপকথনও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগে নেইমার মজা করে নিল্যান্ডকে বলেন, ‘পেনাল্টিটা কোন দিকে মারব? কোন দিকে চাও?’ জবাবে নরওয়ের গোলরক্ষক বলেন, ‘পোস্টে মারো, পোস্টে।’
এরপর নিখুঁত শটে বল জালে পাঠান নেইমার। নিল্যান্ড নিজের জায়গায় দাঁড়িয়ে শুধু বলের জালে জড়ানো দেখেন। গোল উদযাপনের সময় নেইমার গোলরক্ষককে উদ্দেশ্য করে বলেন, ‘আমার সঙ্গে চালাকি চলবে না! বোকা।’
এর আগে ম্যাচের প্রথমার্ধেই একটি পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। তবে ব্রুনো গুইমারেসের নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নিল্যান্ড। সেই সেভই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে এবং জায়গা করে নেয় শেষ আটে।
এই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে ব্রাজিলের শিরোপাখরা আরও দীর্ঘ হলো। সবশেষ ২০০২ সালে নিজেদের পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা। ২০৩০ বিশ্বকাপ শুরু হওয়ার সময় সেই শিরোপার বয়স হবে ২৮ বছর, যা বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের সবচেয়ে দীর্ঘ ট্রফিখরার রেকর্ড।
ভোরের আকাশ/সু.পা