রোনালদো ২০৩০ বিশ্বকাপেও খেলতে চান

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো আবারও প্রমাণ করেছেন, বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা। ৪১ বছর বয়সেও আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের কোনো পরিকল্পনা নেই তার, বরং সামনে আরও বড় লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি। সৌদি ক্লাব আল নাসরের অধিনায়ক রোনালদো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে মাঠে নামার ইচ্ছা তার এখনো রয়েছে।
শুধু তাই নয়, ভবিষ্যৎ নিয়ে আরও বড় সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি এই সুপারস্টার—২০৩০ বিশ্বকাপে খেলার বিষয়েও তিনি ইঙ্গিত দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, বয়স বাড়লেও ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রতিশ্রুতি একটুও কমেনি। নিজের শারীরিক সক্ষমতা ও পারফরম্যান্স নিয়ে তিনি এখনো যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং মনে করেন শীর্ষ পর্যায়ে খেলার মতো ফিটনেস তার রয়েছে।
রোনালদো আরও বলেন, তিনি ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে চান এবং যদি ফিটনেস ধরে রাখতে পারেন ও গোল করার ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে ২০৩০ বিশ্বকাপেও খেলার চেষ্টা করবেন।
বিভিন্ন প্রতিবেদনে, বিশেষ করে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সূত্রে জানা যায়, রোনালদো ২০৩০ বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনাও একেবারে বাতিল করেননি। এত রেকর্ডধারী এই ফুটবল কিংবদন্তি যদি সত্যিই ২০৩০ বিশ্বকাপে খেলেন, তবে তা হবে ফুটবল ইতিহাসে এক অসাধারণ ও বিরল ঘটনা।
ভোরের আকাশ/সু.পা