তরুণ সতীর্থদের তিরস্কারের অভিযোগে ক্ষুব্ধ নেইমার

সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। অনুশীলন বাদ দিয়ে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ার ঘটনায় সমালোচিত হওয়ার পর শাপোকোয়েন্সের বিপক্ষে মাঠে নেমে জোড়া গোল করে জবাব দিয়েছিলেন সান্তোস ফরোয়ার্ড। তবে ম্যাচের পর এবার ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের সঙ্গে তার আচরণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
২-২ গোলে ড্র হওয়া ম্যাচের বিরতিতে নেইমার তরুণ খেলোয়াড়দের তিরস্কার করেছেন—ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। তবে এই অভিযোগকে ‘বিদ্বেষপূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। তার দাবি, তিনি কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নয়, পুরো দলকে উদ্দেশ্য করেই কথা বলেছেন।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’-এর প্রতিবেদনে বলা হয়, হাফটাইমে নেইমার দুই তরুণ সতীর্থের ওপর ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ ওঠে, তিনি গ্যাব্রিয়েল বোন্তেম্পোকে ‘বোকা’ বলেছেন এবং পরের মৌসুমে শাপেকোয়েন্সের মতো নিচের সারির দলে খেলার পরামর্শ দিয়েছেন।
এ ছাড়া ৬২তম মিনিটে আত্মঘাতী গোল করা মিডফিল্ডার জোয়াও আনানিয়াসের কৌশলগত সিদ্ধান্ত নিয়েও নেইমার অসন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করা হয়। তার এমন আচরণে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্লাব পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য নাখোশ হয়েছেন বলেও সংবাদ প্রকাশিত হয়েছে।
তবে এসব অভিযোগের জবাব দিতে দেরি করেননি নেইমার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের আমি তিরস্কার করেছি—এমন একটি গুঞ্জন আমার কানে এসেছে। এটা সত্য নয়। যারা এসব লিখেছেন, তাদের বলব, মিথ্যা ছড়াবেন না।”
নেইমার আরও বলেন, “ড্রেসিংরুমে যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞাসা করতে পারেন। এটি ছিল পুরো দলের উদ্দেশে বলা কথা। আমি কথা বলেছি, লুকাস, আরাও, গাবি ও ব্রাজাও কথা বলেছে। অবশ্যই তিরস্কার হয়েছে, কারণ আমরা প্রতিযোগী এবং জিততে চাই। কিন্তু কোনো তরুণ খেলোয়াড়কে আলাদা করে আক্রমণ করা হয়নি।”
অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নেইমার বলেন, “যথেষ্ট মিথ্যাচার হয়েছে। এখন থেকে ইন্টারনেটে ছড়ানো এসব মিথ্যা আমি মেনে নেব না। ড্রেসিংরুমে তিরস্কার করা স্বাভাবিক বিষয়—যে কেউ করতে পারে। যারা এমন বিদ্বেষপূর্ণ ও মিথ্যা প্রতিবেদন ছড়ায়, তারা ফুটবল সম্পর্কে কিছুই বোঝে না।”
এদিকে ম্যাচে নেইমারের উদযাপনও আলোচনার জন্ম দিয়েছে। ৩৬তম মিনিটে গোল করার পর তিনি পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করেন এবং পরে কর্নার ফ্ল্যাগ তুলে সেটিকে গলফ ক্লাবের মতো নাড়ান। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সমালোচকদের উদ্দেশ্যেই ছিল তার এই বার্তা।
তবে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। ফলে পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না সান্তোসের এই তারকা।
ভোরের আকাশ/সু.পা