বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ফ্রি-তে দেখার সুযোগ

ইনটো: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের লড়াই দেখতে দর্শকদের জন্য বিশেষ সুযোগ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নির্ধারিত গ্যালারিতে বিনামূল্যে বসে খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগে ঘোষণা করা সূচি অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রতিদিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ ও সাউথ গ্যালারিতে প্রথম টেস্টের পাঁচ দিনই বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত দর্শকরা এসব গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন।
তবে বিনামূল্যে প্রবেশের এই সুবিধা গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল, শহীদ মুশতাক ও অন্যান্য ভিআইপি গ্যালারির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
ভোরের আকাশ/সু.পা