ত্রিদেশীয় টি-২০ সিরিজের সূচি প্রকাশ করল পাকিস্তান

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। এ উপলক্ষে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ।
ত্রিদেশীয় এই প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে আমিরাতেই পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসরের। ফলে টুর্নামেন্টটি এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আদর্শ প্রস্তুতির মঞ্চ হতে যাচ্ছে।
মূলত আগস্টে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে পরে তাতে পরিবর্তন এনে তিন দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি।
লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
২৯ আগস্ট: পাকিস্তান বনাম আফগানিস্তান
৩০ আগস্ট: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
১ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান
৪ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
৭ সেপ্টেম্বর: ফাইনাল
ভোরের আকাশ//র.ন