মেসি ঝলকে জাম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

জাম্বিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি।
এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধে নেমে দল ২-১ ব্যবধানে জিতলেও পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে কোচ স্কালোনি আগেই জানিয়েছিলেন, জাম্বিয়ার বিপক্ষে মেসিকে শুরু থেকেই খেলানো হবে—আর সে সিদ্ধান্তই যেন বদলে দেয় পুরো ম্যাচের চিত্র।
বুয়েনস এইরেসের লা বোমবোনেরো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় তারা—গোল করেন হুলিয়ান আলভারেজ ও মেসি।
বিরতির পরও একই ধারায় খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নিকোলাস ওতামেন্দি। এরপর ৬৮ মিনিটে জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দার আত্মঘাতী গোলে স্কোরলাইন আরও বড় হয়। যোগ করা সময়ে (৯৩ মিনিট) ভ্যালেন্টিন বারকোর গোল পূর্ণতা দেয় আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে।
মার্চে নিজেদের মাঠে খেলা দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এ দুটি ম্যাচই ছিল তাদের শেষ প্রস্তুতি।
ভোরের আকাশ/আ.র