পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

পাকিস্তান ক্রিকেট দল দীর্ঘদিন পূর্ণকালীন ব্যাটিং কোচ ছাড়াই চলছিল। টেস্ট দলের বোলিং কোচ হিসেবে উমর গুল দায়িত্ব পালন করলেও ব্যাটিং কোচের দায়িত্ব খণ্ডকালীনভাবে সামলাচ্ছিলেন জাতীয় নির্বাচক আসাদ শফিক। ব্যাটিং ইউনিটের ধারাবাহিক ব্যর্থতার মধ্যেই এবার সেই শূন্যতা পূরণ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দুই বছরের চুক্তিতে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে জাতীয় দলের স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।
৪৬ বছর বয়সী স্মিথ লাল বল ও সাদা বল—দুই সংস্করণের জাতীয় দলের সঙ্গেই কাজ করবেন। গত সপ্তাহে তারৌবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের পর এই নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন স্মিথ।
আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে না খেললেও কোচ হিসেবে মাইকেল স্মিথের অভিজ্ঞতা সমৃদ্ধ। লেভেল-৪ সনদপ্রাপ্ত এই কোচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুপরিচিত এবং পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতান্সের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্স এবং ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্সের সঙ্গেও পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে স্মিথ ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তাঁর রান ৭ হাজার ২৯, যার মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪০টি অর্ধশতক।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ব্যাটিং ইউনিট ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের পর থেকে টানা আটটি অ্যাওয়ে টেস্টে হেরেছে দলটি। নতুন ব্যাটিং কোচ হিসেবে মাইকেল স্মিথের প্রথম বড় চ্যালেঞ্জ হবে ব্যাটিং বিভাগের এই দুর্বলতা কাটিয়ে ইংল্যান্ড সফরে দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করা।
ভোরের আকাশ/সু.পা