শাহরুখকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের জন্য বলিউড তারকা শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি ইনফান্তিনো। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিং খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ভারতীয় চলচ্চিত্র জওয়ান–এর জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় অভিনন্দন শাহরুখ খান।
পোস্টের ছবিটি প্রসঙ্গে ইনফান্তিনো জানান, কিছুদিন আগে চলচ্চিত্র মুক্তির অনুষ্ঠানের পরে তোলা একটি স্মরণীয় মুহূর্ত। খুবই আনন্দদায়ক সাক্ষাৎ ছিল এটি। তিন দশকেরও বেশি সময় ধরে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনি যা করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ইনস্টাগ্রামে করা এই পোস্টে এরই মধ্যে সোয়া লাখেরও বেশি লাইক ও প্রতিক্রিয়া পড়েছে। ফুটবলপ্রেমী ও চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে এটি সৃষ্টি করেছে দারুণ আলোড়ন।
বলিউড বাদশাহ শাহরুখ খান তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এতদিন ছিল অধরা। অবশেষে ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে সেই শূন্যতা পূরণ হতে যাচ্ছে। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ২০২৩ সালে মুক্তি পাওয়া অ্যাকশনধর্মী ব্লকবাস্টার জওয়ান–এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান।
পুরস্কার ঘোষণার পর শাহরুখ খান সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করেন। ভিডিওতে তিনি বলেন, আমি কৃতজ্ঞতা, গর্ব ও বিনয়ের সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ার এ মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব।
তিনি আরও ধন্যবাদ জানান জুরি বোর্ড, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সিনেমার পুরো টিম, পরিবার, সহকর্মী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার ভক্তদের।
প্রসঙ্গত, ‘জওয়ান’ পরিচালনা করেন অ্যাটলি। সিনেমাটিতে শাহরুখ খানের অভিনয়, ডাবল রোল, সামাজিক বার্তা এবং অ্যাকশনধর্মী উপস্থাপনা প্রশংসিত হয়েছে সর্বমহলে।
ভোরের আকাশ/তাকা