গালফ জায়ান্টসে বোলিং কোচ শেন বন্ড, প্রধান কোচ জনাথন ট্রট

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে নতুন কোচিং প্যানেল ঘোষণা করেছে গালফ জায়ান্টস। দলের নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার শেন বন্ড। তিনি টাইগারদের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের জায়গায় আসছেন।
নতুন দায়িত্ব নিয়ে বন্ড বলেন, “আমি উচ্ছ্বসিত আমাদের বোলিং আক্রমণকে আরও ধারালো করতে এবং এ মৌসুমে নির্ণায়ক প্রভাব রাখতে।”
শুধু বোলিং কোচই নয়, নতুন প্রধান কোচও নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অ্যান্ডি ফ্লাওয়ারের জায়গায় দায়িত্ব পেয়েছেন জনাথন ট্রট। দায়িত্ব পেয়ে ট্রট জানান, “গালফ জায়ান্টস ইতিমধ্যেই লিগের অন্যতম সফল দলে পরিণত হয়েছে। আমার লক্ষ্য হলো খেলোয়াড়দের সর্বোচ্চটা বের করে আনা। নিলামের মাধ্যমে একটি শিরোপা জয়ের মতো দল গঠন করতে চাই।”
উল্লেখ্য, আফগানিস্তানের প্রধান কোচ ট্রট দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়ার কোচ হিসেবেও কাজ করছিলেন। তবে সম্প্রতি তাকে সরিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে দায়িত্ব দিয়েছে প্রিটোরিয়া।
আগামী ৩০ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। টুর্নামেন্টটি শুরু হবে ২০২৫ সালের ২ ডিসেম্বর এবং চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।
ভোরের আকাশ//হ.র