মাঠেই প্রাণ গেল পর্তুগালের তরুণ ফুটবলারের

পর্তুগালের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির তরুণ ফুটবলার কুয়েভিন কাস্ত্রো খেলতে খেলতেই মাঠে ঢলে পড়ে মৃত্যুর কোলে। মালভেইরার এস্তাদিও দাস সেইজাসে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ চলাকালে মারা যান রিয়াল এসসির ২৫ বছর বয়সী এই ফুটবলার।
ম্যাচের ১০ মিনিট পার হওয়ার পর হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন কুয়েভিন। পরিস্থিতি বুঝতে পেরে দুই দলের চিকিৎসকরা দ্রুত মাঠে ছুটে আসেন। তাকে বাঁচাতে ডেফিব্রিলেটরও ব্যবহার করা হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কুয়েভিনকে মৃত ঘোষণা করা হয়।
কুয়েভিনের মৃত্যুতে শোক জানিয়েছে ইংল্যান্ডের ক্লাব ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়নও। ক্লাবটির সাবেক এই খেলোয়াড়ের ‘অকাল মৃত্যুতে’ গভীর শোক ও হতাশা প্রকাশ করেছে তারা।
কুয়েভিনকে শ্রদ্ধা জানাতে বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের ২৫তম মিনিটে করতালি দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়ন। এ ছাড়া ম্যাচে ক্লাবটির খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
ভোরের আকাশ/সু.পা