শিরোনাম
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহত

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায়, কাঠগড়ায় কোচ ডুলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর পাকিস্তানের কাছে হার। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের ফুটবলে এমন ছন্দপতন মেনে নিতে পারছেন না সমর্থক ও ফুটবলসংশ্লিষ্টরা। প্রায় ২২ হাজার দর্শকের সামনে নিজেদের মাঠে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এই ব্যর্থতার পর সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলির পরিকল্পনা, কৌশল ও দল পরিচালনা নিয়ে।

সাবেক জাতীয় ফুটবলার ও জাতীয় দলের সাবেক সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর মতে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রধান কোচের কার্যকর কোনো পরিকল্পনাই চোখে পড়েনি। তিনি বলেন, ‘পাকিস্তানের কোচ সলানো মিড-লো ব্লক করেছেন ৫-৩-২, আবার কখনো ৫-৪-১ ফরমেশনে। এর বিপরীতে বাংলাদেশের কোচের কোনো পরিকল্পনাই ছিল না। প্রতিপক্ষ সম্পর্কে বাংলাদেশ কোচের পরিকল্পিত কিছুই পরিলক্ষিত হয়নি।’

মাঠে ফুটবলাররা খেললেও দলকে বাইরে থেকে পরিচালনা করেন কোচ। এ কারণে ফুটবলকে ম্যানেজার্স গেম হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক এই ফুটবলার। পাকিস্তান ম্যাচে কোচের গুরুত্ব ও পরিকল্পনার ঘাটতি স্পষ্ট হয়েছে বলে মনে করছেন তিনি।

দলসংশ্লিষ্ট কয়েকজনের ভাষ্য, পাকিস্তানকে নিয়ে ডুলি যথাযথ পরিকল্পনা করেননি। এমনকি প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সম্পর্কেও নিজের দলের ফুটবলারদের প্রয়োজনীয় তথ্য দেননি। বাংলাদেশ দলে অ্যানালিস্ট থাকলেও তিনি মূলত কোচের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। ফলে অ্যানালিস্টকে কোচ কীভাবে কাজে লাগাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রতিপক্ষ অনুযায়ী দলের খেলার ধরন ও কৌশল পরিবর্তন করা ফুটবলের স্বাভাবিক বিষয়। প্রতিপক্ষের খেলা, খেলোয়াড়দের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে কোচরা নিজেদের খেলোয়াড়দের প্রস্তুত করেন। অনুশীলনে সেই কৌশল প্রয়োগের কথা। তবে বাংলাদেশের কোচ ডুলি এ ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখছেন না বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খেলোয়াড় জানান, প্রতিপক্ষের খেলোয়াড়দের বিষয়ে কোচের কাছ থেকে সরাসরি কোনো নির্দেশনা পাওয়া যায় না। নিজেদের উদ্যোগেই অনেকে প্রতিপক্ষের খেলোয়াড়দের সম্পর্কে খোঁজখবর নেন।

জাতীয় দলের অ্যানালিস্টের কাজ প্রতিপক্ষের ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে কোচের কাছে উপস্থাপন করা। এরপর কোচের সেই ভিডিও খেলোয়াড়দের দেখিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, ডুলি ভিডিও বিশ্লেষণ নিয়ে সেভাবে কাজ করেন না। ম্যাচের দুই দিন আগে অ্যানালিস্ট খেলোয়াড়দের ভিডিও দেখান। এরপর ভিডিও অনুযায়ী অনুশীলনে বিশেষ কোনো কৌশল প্রয়োগ করা হয় না।

ডুলির নিয়োগ করা বিদেশি সহকারী কোচের কাজ নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, তিনি প্রতিপক্ষের খেলোয়াড়দের ঠিকমতো চিনতে পারেন না। টুর্নামেন্টভেদে খেলোয়াড়দের জার্সি পরিবর্তন হলে তাঁদের পরিচয় ও পজিশন বুঝতেও সমস্যা হয়।

দলের খেলোয়াড়দের ফিটনেস ও ইনজুরি ব্যবস্থাপনাও সমালোচনার মুখে পড়েছে। সামিত সোমের হাঁটুতে ব্যথা থাকা সত্ত্বেও তিনি সর্বশেষ দুই ম্যাচ খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পরও হামজা, সামিত ও ফারহানকে দীর্ঘ সময় মাঠে রেখেছিলেন কোচ। ফুটবলসংশ্লিষ্টদের ধারণা, ওই ম্যাচের অতিরিক্ত শারীরিক চাপের প্রভাব পড়েছে সেমিফাইনালে।

জাতীয় দলে এবার একাধিক খেলোয়াড় চোটে পড়েছেন। অভিযোগ রয়েছে, অনেক দিন ধরেই অনুশীলনের আগে যথাযথ ওয়ার্মআপ হচ্ছে না। বিদেশি ফিটনেস ট্রেইনারের কার্যক্রম নিয়েও অসন্তোষ রয়েছে। এমনকি মাসখানেক আগে বিশ্বনাথ ঘোষকে দুজন আলাদা খেলোয়াড় হিসেবে মনে করার ঘটনাও সামনে এসেছে।

জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিকও ডুলির কৌশল নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ তখন এক গোলে পিছিয়ে, কিন্তু খেলা শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে দুজন খেলোয়াড় বদলি করল। এটা সাধারণত করে যারা এগিয়ে থাকে সেই দল, যেন সময় নষ্ট হয় ও প্রতিপক্ষের খেলায় ছেদ পড়ে। পিছিয়ে থেকে বাংলাদেশের কোচ এটা কেন করল, কোনোভাবেই বোধগম্য নয়।’

ম্যাচ শেষে টিম বাসে ওঠার সময় জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও খেলোয়াড় পরিবর্তনের সময় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, ‘আমরা আজ ভালো খেলতে পারিনি। আরও আগে খেলোয়াড় পরিবর্তন করা দরকার ছিল।’

একাদশ নির্বাচন নিয়েও সমালোচনা রয়েছে। ফর্টিজের হয়ে খেলা জাপান থেকে আসা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসার গতি ও স্কিল থাকলেও তিনি এখনো পরিপক্ব নন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফর্টিজের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেললেও তাঁকে বদলি হিসেবে নামানো হয়েছিল। অথচ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে শুরু থেকেই খেলিয়েছেন ডুলি।

এ বিষয়ে শফিকুল ইসলাম মানিক বলেন, ‘শ্রীলঙ্কা ম্যাচে সাদ ব্যথা পেয়েছিল। ওই জায়গায় একটি পরিবর্তন ছাড়া অন্যত্র দরকার ছিল না। ইব্রাহিমের গোলেই ভুটান ম্যাচে বাংলাদেশ জিতেছিল। শ্রীলঙ্কা ম্যাচে সে হামজাকে দারুণ বল দিয়েছে। উচিত ছিল তাকে দিয়েই খেলা শুরু করানো।’

থমাস ডুলি দুটি বিশ্বকাপে খেলেছেন। একটি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়কত্বও করেছেন। দীর্ঘদিন ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে ফাইনাল হিসেবে আখ্যায়িত করায় আপত্তি জানিয়েছেন মানিক। তাঁর ভাষায়, ‘সমর্থক কিংবা আরও অনেকে সেমিফাইনালকে ফাইনাল হিসেবে দেখতে পারে। কোচের কখনো এভাবে সরাসরি এটাকে ফাইনাল বলা সমীচীন নয়। শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু শ্রীলঙ্কা তাদের স্বাভাবিকের চেয়ে বেশি খারাপ খেলেছে।’

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক শ্রাবণের ভুল পাস নিয়েও আলোচনা চলছে। অনেকে হারের জন্য তাঁকে দায়ী করলেও জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক শহিদুর রহমান চৌধুরী সান্টু ভিন্নমত জানিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ম্যাচটি দেখে তিনি বলেন, ‘গোলরক্ষক ভুল পাস দিয়েছে, তবে সেটা শোধরানোর জন্য সময় ছিল। মিডফিল্ড কিংবা ডিফেন্সও সেটা কাভার করতে পারেনি। কাভারের সময় ছিল যথেষ্ট।’

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অন্যতম দুর্বলতা নম্বর নাইন বা কেন্দ্রীয় স্ট্রাইকার পজিশন। ভুটান ম্যাচে এই পজিশনে বিশ্বনাথ ঘোষকে খেলিয়েছিলেন ডুলি। অনুশীলনে ব্যথা পাওয়ায় শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেননি তিনি। পাকিস্তানের বিপক্ষে সাদের পরিবর্তে একাদশে রহমত মিয়াকে খেলানো হয়। পরে তাঁকে তুলে নিয়ে আবারও ডিফেন্স পজিশনে বিশ্বনাথকে খেলান কোচ। এ সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে।

স্ট্রাইকার সংকট কাটাতে ইংল্যান্ড থেকে মাহে খানকে সাফের ২৮ সদস্যের চূড়ান্ত দলে রেখেছিলেন ডুলি। ক্যাম্পের শুরুতে এই তরুণ ফুটবলারকে নিয়ে উচ্চাশার কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু সাফের তিন ম্যাচের কোনোটিতেই মাহেকে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি।

অন্যদিকে ফর্টিজের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা রাফায়েল টুডুকে অনুশীলনের জন্যও ডাকেননি ডুলি। তাঁর যুক্তি ছিল, ফর্টিজের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার আগেই সাফের জন্য খেলোয়াড়দের নাম জমা দেওয়া হয়েছিল। তবে ক্যাম্প শুরুর পর তাজ উদ্দিন ও আব্দুল্লাহ উমরকে দলে ডেকেছিলেন তিনি। তাঁরা দুজনই ২৮ সদস্যের দলে জায়গা পেয়েছিলেন। ফলে পরীক্ষিত স্ট্রাইকার রাফায়েল টুডুকে কেন বিবেচনায় নেওয়া হয়নি, সেই প্রশ্নও সামনে এসেছে।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এর আগে আসিয়ান কাপে চরম ব্যর্থতার পর ডুলি বলেছিলেন, সেটি ছিল শিক্ষামূলক টুর্নামেন্ট। প্রতিপক্ষ দলগুলো র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল। তবে এবার নিজেদের মাঠে সেরা দল নিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ পিছিয়ে থাকা পাকিস্তানের কাছে হারের পর তাঁর পরিকল্পনা ও দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ সম্মেলনে বিষয়টি বুঝতে পারেননি বলে এড়িয়ে যান তিনি।

সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের ফুটবলে নতুন করে সামনে এসেছে কোচের কৌশল, একাদশ নির্বাচন, খেলোয়াড় ব্যবস্থাপনা ও প্রস্তুতির ঘাটতির বিষয়গুলো। সাফ থেকে বিদায়ের দায় শুধু মাঠের খেলোয়াড়দের নয়, কোচিং স্টাফের ভূমিকা নিয়েও এখন জোরালো আলোচনা চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: