বাবুগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলা-এ প্রাথমিক বিদ্যালয় (বালক ও বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ-এ উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অহদুল ইসলাম প্রিন্স, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হোসনেয়ারা বানু, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনম আ হালিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বালক ও বালিকা দলের খেলোয়াড়রা তাদের নৈপুণ্য ও ক্রীড়া দক্ষতা প্রদর্শনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
ভোরের আকাশ/ র.ই