বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সাত দলের চ্যালেঞ্জ, স্পেনের অনন্য কীর্তি

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত আসরের রানার্সআপ ফ্রান্সও অপ্রতিরোধ্য। একক নৈপুন্যে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্লিং হালান্ড। এদিকে ১৯৬৬ সালের পুনরাবৃত্তির আশায় বুক বেঁধেছে ইংল্যান্ড। এছাড়া সুইজারল্যান্ড, মরক্কো ও বেলজিয়ামও ইতিহাস গড়তে মরিয়া।
এই সাত দলের সবাই দারুণ ছন্দে থাকলেও সবার থেকে নিজেদের আলাদা করে রেখেছে স্পেন। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া সব দলগুলো গোল হজম করলেও নিজেদের গোলবার অক্ষত রেখেছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্ব থেকে নক-আউট পর্বের দুই ম্যাচে স্পেনের রক্ষণভাগ ছিল এক কথায় অনবদ্য। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচগুলোতে নিজেদের শক্তিমত্তা পুরোপুরি মেলে ধরেছে দিদিয়ের দে লা ফুয়েন্তের শিষ্যরা।
সৌদি আরবের বিপক্ষে তারা জিতেছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। ৩ ম্যাচে ৫ গোল করার পাশাপাশি গোল হজমের খাতায় ‘শূন্য’ ধরে রেখেছে তারা।
রাউন্ড অব বত্রিশে স্পেন মুখোমুখি হয়েছিল ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে পা রাখা অস্ট্রিয়ার। এই ম্যাচে অস্ট্রেয়া রীতিমতো উড়িয়ে দিয়েছে স্প্যানিশরা। ওয়ারজাবালের জোড়া গোলের সুবাদে ৩-০ গোলের বড় ব্যবধানে জেতে স্পেন। আর শেষ ষোলোর লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে তারা হারিয়েছে ১-০ গোল ব্যবধানে।
গ্রুপ পর্ব থেকে রাউন্ড অব সিক্সটিনের খেলা শেষে প্রতিপক্ষের গোলবারে মোট নয়বার বল পাঠিয়েছেন লা ফুয়েন্তের শিষ্যরা। পক্ষান্তরে কোনো গোল হজম করতে হয়নি তাদের। এদিকে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকোও স্পেনের সমানতালে খেলে যাচ্ছিলো। শেষ ষোলোর লড়াইয়ে ইংল্যান্ডের কাছে হেরে বিদায়ের আগে তারাও তাদের জাল অক্ষত রাখতে পেরেছিল।
কোয়ার্টার ফাইনালে উঠা বাকি সাত দলের গোল হজমের পরিসংখ্যান

আর্জেন্টিনা : বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসরে অন্যতম ফেভারিট। নাটকীয় ম্যাচে মিসরকে হারিয়ে শেষ আটে উঠেছে তারা। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে ১৪ গোল করেছে আলবিসেলেস্তেরা, তবে হজম করেছে ৫ গোল।
মরক্কো : গ্রুপ ও নকআউট পর্ব মিলিয়ে মরক্কো প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১০ বার। টাইব্রেকার ছাড়া তাদের গোল হজমের সংখ্যা ৪।
বেলজিয়াম : গ্রুপ পর্বের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে নকআউটে উঠেছে বেলজিয়াম। গ্রুপ পর্বে তারা হজম করেছে ২ গোল, নকআউট পর্বে আরও ৩ গোল। সব মিলিয়ে তাদের গোল হজমের সংখ্যা ৫।
নরওয়ে : আর্লিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। এখন পর্যন্ত তারা ১২ গোল করেছে, বিপরীতে হজম করেছে ৯ গোল।

ফ্রান্স : দারুণ ছন্দে থাকা ফ্রান্স এখনো কোনো ম্যাচে হারেনি। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। প্রতিপক্ষের জালে ১০ গোল করার পাশাপাশি হজম করেছে ২ গোল। নকআউট পর্বের দুই ম্যাচে ৪ গোল করলেও কোনো গোল খায়নি ফরাসিরা।
ইংল্যান্ড : টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ইংল্যান্ড প্রতিপক্ষের জালে ১১ গোল দিয়েছে। তবে তাদের গোলবার ভেদ হয়েছে ৫ বার।
সুইজারল্যান্ড : দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। তারা প্রতিপক্ষের জালে ৯ গোল পাঠিয়েছে এবং হজম করেছে ৩ গোল।
সব মিলিয়ে বিশ্বকাপের শেষ আটে থাকা দলগুলোর মধ্যে আক্রমণভাগে বেশ কয়েকটি দল আলো ছড়ালেও রক্ষণে এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক হয়ে আছে স্পেন। গোল না খেয়ে এগিয়ে চলা দলটি শিরোপার দৌড়েও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।
ভোরের আকাশ/সু.পা