প্রথম বিশ্বকাপে স্মরণীয় ইনিংস খেললেন জয়িতা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেদারল্যান্ডসের বিপক্ষে গতকালের ম্যাচে ৬ উইকেটের সহজ জয় পায় টাইগ্রেসরা। এই জয়ে বড় অবদান রাখেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, যিনি ৩৩ বলে ঝোড়ো ৫০ রানের ইনিংস খেলেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয়িতা বলেন, লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলাই ছিল মূল পরিকল্পনা।
“আমরা যেহেতু আগে বোলিং করেছি, তাই লক্ষ্য যখন ১৪০ রান হলো, তখন বুঝেছিলাম ভালো স্ট্রাইক রেটে ব্যাট করা জরুরি। ওপেনার হিসেবে পাওয়ারপ্লে ভালোভাবে কাজে লাগানোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল,” বলেন তিনি।
নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, “আমার লক্ষ্য ছিল পাওয়ারপ্লেতে যত বেশি সম্ভব রান করা। এরপর সেট হয়ে গেলে বড় ইনিংস খেলার চেষ্টা করা।”
ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করলেও পুরোপুরি সন্তুষ্ট নন এই ব্যাটার। তার ভাষায়, “ফিফটি করার পরপরই আউট হয়ে গেছি, তাই পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। তবে বড় ইনিংস খেলার মানসিকতা ছিল।”
দলের চাপের মুহূর্ত নিয়ে জয়িতা জানান, “(নিগার সুলতানা) জ্যোতি আপু আউট হয়ে যাওয়ার পর কিছুটা চাপ অনুভব করেছিলাম। তবে আমাদের ব্যাটিং লাইনআপের ওপর বিশ্বাস ছিল যে কেউ না কেউ ম্যাচ শেষ করবে।”
এটি তার প্রথম বিশ্বকাপ ম্যাচ হওয়ায় বাড়তি চাপ ছিল কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “এটি আমার প্রথম বিশ্বকাপ ম্যাচ ছিল। চেষ্টা ছিল বিশেষ কিছু করার এবং দলের জন্য অবদান রাখার। আমি খুশি, কারণ সামান্য হলেও দলের জয়ে ভূমিকা রাখতে পেরেছি।”
আগামী ম্যাচগুলো নিয়ে আত্মবিশ্বাসী এই ওপেনার বলেন, শক্তিশালী দলের বিপক্ষেও পাওয়ারপ্লে কাজে লাগিয়ে বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়েই এগোতে চান তিনি।
ভোরের আকাশ/সু.পা