দুই টাইগার ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে উজ্জ্বল সাফল্য, আইসিসির সুখবর

নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাটিং ফর্মে দেখা যাচ্ছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারকে। ওপেনার তানজিদ হাসান তামিম প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছেন। তার সঙ্গে লিটন দাসও ভালো খেলায় র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, তামিম ৮ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে অবস্থান করছেন। একই সঙ্গে লিটন দাসও এক ধাপ এগিয়ে ৪৭তম স্থানে রয়েছেন।
টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা, তার পিছনে অবস্থান করছেন সতীর্থ তিলক ভার্মা। ইংল্যান্ডের ফিল সল্ট ও জস বাটলার তৃতীয় ও চতুর্থ স্থানে। তালিকার পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ড্যাফি, দুইয়ে ইংল্যান্ডের আদিল রশিদ। আকিল হোসেন ও ভারুণ চক্রবর্তী যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। পাঁচে অবস্থান করছে অস্ট্রেলিয়ার জাম্পা, যার রেটিং ৭০০।
বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি ইতিবাচক বার্তা, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে দুই টাইগার ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে উন্নতি তাদের ফর্মের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র