বিসিবির পরিচালক পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বুলবুল বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এখানে সভাপতি নয়, পরিচালকরা নির্বাচিত হন। আমি সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করব। মূল লক্ষ্য দেশের ক্রিকেটের উন্নয়নে আরও ভূমিকা রাখা।’
গত তিন মাস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করছেন বুলবুল। এবার সরাসরি নির্বাচনের মাধ্যমে বোর্ডে যুক্ত হয়ে কাজ চালিয়ে যেতে চান তিনি।
এর আগে গত ২৮ আগস্টও তিনি দেশের ক্রিকেটের জন্য কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমার ব্যক্তিগতভাবে স্থায়ী সবকিছুই ছিল আইসিসিতে। দেশের জন্য সেগুলো ছেড়ে এসে দায়িত্ব নিয়েছি। যত দিন পেরেছি দায়িত্ব পালন করেছি। এরপর সিদ্ধান্ত আমার হাতে ছিল না।’
আগামী ৪ সেপ্টেম্বর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভোরের আকাশ//হ.র