মেসি এখনও বিদায় বলেননি, আশার কথা শোনালেন ডি মারিয়া

২০২৬ বিশ্বকাপ দিয়েই কি লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটবে—এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। আর্জেন্টাইন মহাতারকা নিজেও একাধিকবার জানিয়েছেন, বয়স ও শারীরিক চ্যালেঞ্জের কারণে এখনই ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন। তবে সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া জানালেন সুখবর—মেসি এখনো অবসর নেননি।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন,
“লিওর ক্যারিয়ার এখনো শেষ হয়নি। এটা শুধু শেষ হোম কোয়ালিফায়ার ম্যাচ ছিল। সামনে বিশ্বকাপ রয়েছে এবং সে অবশ্যই আরও ম্যাচ খেলবে। আমার কাছে এটা কোনো বিদায় নয়। সে এখনো আমাদের সঙ্গে আছে, সেই কারণেই আমি শেষ ম্যাচে বিদায়ী হিসেবে নামিনি।”
সম্প্রতি ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামেন মেসি। আবেগঘন সেই ম্যাচ শেষে গুঞ্জন ছড়ায়—এটি হয়তো জাতীয় দলের হয়ে তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। মেসির বক্তব্যও সেই শঙ্কা বাড়িয়ে দিয়েছিল। তবে ডি মারিয়ার কথায় নতুন করে আশার আলো দেখছেন সমর্থকরা।
আর্জেন্টিনার হয়ে মেসির রেকর্ড বলছে অন্য গল্প—১৯৪ ম্যাচে ১১৪ গোল, আটবারের ব্যালন ডি’অর জয়, ২০২২ কাতার বিশ্বকাপে দেশের তৃতীয় বিশ্ব শিরোপা এবং ২০২৪ কোপা আমেরিকা ট্রফি। এমন কৃতিত্বপূর্ণ ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে কিনা, সেটিই এখন সবার বড় প্রশ্ন।
যদিও ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে খেলার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেননি মেসি, তবুও ডি মারিয়ার বিশ্বাস—ভক্তরা এখনো কিছুদিন তাদের ‘ফুটবল ঈশ্বর’-কে মাঠে উপভোগ করার সুযোগ পাবেন।
ভোরের আকাশ//হ.র