জিয়া পরিবারের নামে টুর্নামেন্টে সরকারি অনুমতি বাধ্যতামূলক

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতার নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন নেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় সরকারের পূর্বানুমোদন ছাড়া জিয়া পরিবারের সদস্যদের নামে কোনো ক্রীড়া প্রতিযোগিতা বা টুর্নামেন্ট আয়োজন না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা কিংবা তাদের অধিভুক্ত ক্লাব কোনো প্রতিযোগিতা বা টুর্নামেন্টের নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে। শুধু আয়োজন নয়, এ ধরনের নাম ব্যবহার করে প্রচার-প্রচারণা চালানোর ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে।
ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বোর্ড, সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টের নামকরণে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের প্রচলন ছিল। সেই প্রথা নিয়ন্ত্রণের অংশ হিসেবে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/জেআ