বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই বছর তিনি দায়িত্ব পালন করেছেন। তবে এবার আর এই পদে থাকতে চান না তিনি। চলতি মাসের ৫ তারিখ বোর্ডকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের অনাগ্রহের কথা জানিয়েছেন লিপু।
চুক্তি অনুযায়ী এ মাসেই তার মেয়াদ শেষ হওয়ার কথা। বিসিবি চাইছিল তাকে আরও দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে রাখতে, কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে রাজি হননি তিনি। ফলে খুব শিগগিরই প্রধান নির্বাচকের পদটি শূন্য হয়ে যাচ্ছে।
এরই মধ্যে খবর, সাবেক নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছে বিসিবি। মূলত ক্রিকেট অপারেশন্স থেকেই এমনটা জানানো হয়েছে বাশারকে। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
যদিও বাশার এখনই প্রস্তাব গ্রহণ করছেন না বলে জানা গেছে। আরো কিছু দিন সময় চেয়েছেন। তবে আগ্রহী রয়েছেন প্রধান নির্বাচক হতে। সেক্ষেত্রে বলা যাচ্ছে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বাশার।
ভোরের আকাশ/এনএস