পিএসএলে ৪৩২ রানের রোমাঞ্চকর লড়াই: রিশাদদের হারিয়ে শরিফুলের পেশোয়ারের জয়

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে রানের মহোৎসবে মেতেছে লাহোর। ৪৩২ রানের এক বিশাল স্কোরের ম্যাচে রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডি পিন্ডিজকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শরিফুল ইসলামের দল পেশোয়ার জালমি।
টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ মুহূর্তের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমের দল। দুই বাংলাদেশি ক্রিকেটারের মুখোমুখি এই লড়াইয়ে ব্যক্তিগত নৈপুণ্যে শরিফুল ইসলাম বল হাতে উজ্জ্বল থাকলেও শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিশাদ হোসেনকে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দাপট দেখান রাওয়ালপিন্ডির দুই ওপেনার। মোহাম্মদ রিজওয়ান ও ইয়াসির খানের ১২৫ রানের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের শক্ত ভিত গড়ে দেয়। রিজওয়ান ৪১ রান করে বিদায় নিলেও ইয়াসির খান খেলেন ৮৩ রানের এক টর্নেডো ইনিংস। মাত্র ৪৬ বলের এই ইনিংসে ছিল সাতটি চার ও ছয়টি দর্শনীয় ছক্কার মার। শেষ দিকে কামরান গুলামের ২০ বলে ৩৭ এবং স্যাম বিলিংসের ঝোড়ো ১৮ রানে ভর করে ৪ উইকেটে ২১৪ রানের পাহাড় গড়ে রাওয়ালপিন্ডি। পেশোয়ারের বোলারদের ওপর দিয়ে ঝড় বয়ে গেলেও ব্যতিক্রম ছিলেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ৩১ রান খরচ করে তিনি ছিলেন দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার।
২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় পেশোয়ার জালমি। অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হারিসের উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান। হারিস ৪৭ এবং বাবর ৩৯ রান করে সাজঘরে ফিরলে মাঝে কিছুটা চাপে পড়ে পেশোয়ার। কুশল মেন্ডিসের ১৭ বলে ৩১ রান জয়ের আশা জিইয়ে রাখলেও অ্যারন হার্ডি দ্রুত বিদায় নিলে ম্যাচটি কঠিন সমীকরণের মুখে পড়ে। শেষ ৫ ওভারে পেশোয়ারের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৪ রান, যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটেও বেশ চ্যালেঞ্জিং।
তবে এই কঠিন সমীকরণকে সহজ করে দেন পেশোয়ারের মিডল অর্ডার ব্যাটাররা। মাত্র ৪.১ ওভারেই কাঙ্ক্ষিত রান তুলে নিয়ে বিজয়োল্লাসে মেতে ওঠে জালমি শিবির। বিশেষ করে আব্দুল সামাদের ১১ বলে ৩৩ রানের বিধ্বংসী ক্যামিও ইনিংসটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত মাইকেল ব্রেসওয়েল ১৭ বলে ৩৫ এবং আমির জামাল মাত্র ৫ বলে ১৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। রাওয়ালপিন্ডির হয়ে বল হাতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে এক উইকেট শিকার করেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন।
আমাদ বাট দুটি উইকেট নিলেও শেষ দিকে সামাদ-জামালদের তাণ্ডব রুখতে ব্যর্থ হন পিন্ডিজের বোলাররা। এই জয়ের ফলে টেবিলের লড়াইয়ে অনেকটা সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল শরিফুলদের পেশোয়ার।
ভোরের আকাশ/এনউব