প্রিমিয়ার লিগে খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও অভিষেক হয়নি। তবে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে প্রথমবারের মতো ফুলহ্যামের সিনিয়র দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্ট্রাইকার ফারহান আলী ওয়াহিদ। হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা এখন তার সামনে।
শনিবার (২৫ জুলাই) নরউইচ সিটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ৪৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফারহান। যদিও গোল বা অ্যাসিস্টের দেখা পাননি, ম্যাচটি ২-০ গোলে হারে ফুলহ্যাম। প্রাক-মৌসুমের এসব ম্যাচের পূর্ণাঙ্গ সম্প্রচার বা পরিসংখ্যান সাধারণত প্রকাশ করা হয় না। তবে ক্লাবের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ফারহানের একটি বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলেছিল।
২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন ফারহান। সেই ধারাবাহিকতায় তিনি নভেম্বরে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এবং মৌসুম শেষে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন। বাঁ প্রান্তে তার গতিময় দৌড়, কাট-ইন করে শট নেওয়ার দক্ষতা এবং ভয়ডরহীন ফুটবল ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
ফারহান আলী ওয়াহিদের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেটে। তবে তার বাবা-মা দুজনই যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছেন। ২০০৬ সালের ৯ ডিসেম্বর যুক্তরাজ্যেই জন্ম ফারহানের। চেলসির একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হওয়ার পর ২০১৯ সালে তিনি ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন।
ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। গত মে মাসে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন, সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোকে সামনে রেখে ফারহানের বাংলাদেশি পাসপোর্টের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের দলেও তাকে বিবেচনায় রাখার পরিকল্পনা রয়েছে।
ভোরের আকাশ/সু.পা