দুবাইয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ অক্টোবরেই

এশিয়া কাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের অংশগ্রহণে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
এসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৪ ও ৬ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ—প্রথম ম্যাচ ৯ অক্টোবর, দ্বিতীয়টি ১১ অক্টোবর এবং শেষ ম্যাচ ১৪ অক্টোবর।
অর্থাৎ এশিয়া কাপে সুপার ফোরে জায়গা করে নিতে পারলে বাংলাদেশ দল সরাসরি সেখান থেকেই দুবাইয়ে যাবে। আর বাদ পড়লে দেশে ফিরে আবারও যাত্রা করতে হবে আফগানিস্তানের বিপক্ষে খেলতে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেবে।”
ভোরের আকাশ//হ.র