কোচ সারোয়ার ইমরানের প্রতি কৃতজ্ঞতা
রুবেলকে বিসিবির বিদায়ী সম্মাননা

গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ১৫ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন টাইগার পেসার রুবেল হোসেন। বিদায় বেলায় বিসিবি সভাপতি তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি রুবেল তাঁর প্রথম জীবনের গুরু কোচ সারোয়ার ইমরানের প্রতি বিশেষ শ্রদ্ধা জানান।
সম্মাননা গ্রহণ শেষে রুবেল তাঁর ক্যারিয়ারের পেছনে থাকা মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেন, পেসার হান্ট থেকে তাঁকে খুঁজে বের করা এবং জাতীয় দল পর্যন্ত পৌঁছে দেওয়ার পেছনে সারোয়ার ইমরানের অবদান অনস্বীকার্য। রুবেলের ভাষায়, "আমাকে পেসার হান্ট থেকে তুলে এনে জাতীয় দলে খেলানো পর্যন্ত একজন মানুষের কথা না বললেই নয়। তিনি হলেন সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং তাঁর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।"
অবসরের পর বিসিবির এই দ্রুত উদ্যোগ এবং সম্মাননার জন্য সভাপতি তামিম ইকবালকেও ধন্যবাদ জানান রুবেল। তিনি জানান, অবসরের ঘোষণার পরপরই বিসিবি সভাপতি নিজে ফোন করে তাঁকে এই বিদায়ী সংবর্ধনার কথা জানিয়েছিলেন। রুবেল বলেন, ক্যারিয়ারের প্রতিটি ধাপে পরিবার, কোচ এবং গ্রাউন্ডসম্যানদের সমর্থন তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
২০০৯ সালে অভিষেকের পর থেকে রুবেল হোসেন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর সেই বিধ্বংসী স্পেল দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। ২০২১ সালের পর জাতীয় দলে আর সুযোগ না পেলেও রুবেলের অবদানকে যথাযথ সম্মান দিয়ে বিদায় জানাল বিসিবি।
স্টেডিয়ামে উপস্থিত বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অন্যান্য বোর্ড সদস্যদের হাত থেকে স্মারক গ্রহণ করে খেলার মাঠকে বিদায় জানান এই টাইগার পেসার। তাঁর বিদায়ে বাংলাদেশের ক্রিকেটে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ভোরের আকাশ/সু.পা