আশরাফুলকে বাদ দিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন কমিটি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
নতুন কমিটিতে আশরাফুলের স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক নারী ক্রিকেটার ও আম্পায়ার সাথীরা জাকির জেসির জায়গায় যুক্ত হয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
১১ সদস্যের এই নতুন কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান অনুমোদন দিয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী সদস্য পরিবর্তন করে নতুন করে এ কমিটি গঠন করা হয়েছে।
পর্যবেক্ষকরা মনে করছেন, আসন্ন বিসিবি নির্বাচনের প্রেক্ষাপটেই এ পরিবর্তন এসেছে। কারণ ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হওয়ার সম্ভাবনা রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। এর আগে তিনি এনএসসি মনোনীত হয়ে বিসিবির পরিচালক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইভাবে নাজমুল আবেদীন ফাহিমও এনএসসি মনোনীত পরিচালক ছিলেন।
তারা নতুন করে ঢাকা বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থায় যুক্ত হওয়ায় বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে সরাসরি প্রভাব ফেলতে পারেন। ফলে এনএসসি মনোনীত কাউন্সিলরশিপেও পরিবর্তনের আভাস মিলছে।
ভোরের আকাশ//হ.র