ব্যালন ডি’অর দৌড়ে শীর্ষে পিএসজি—মনোনয়ন পেল ৯ জন

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে কয়েক বছর ধরে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নেইমার জুনিয়রের রেকর্ড ভাঙা ট্রান্সফার, এমবাপ্পের প্রভাবশালী উপস্থিতি এবং লিওনেল মেসির আগমন—সবই ছিল এক শিরোপার আশায়। তবু কাঙ্ক্ষিত ট্রফির দেখা মেলেনি।
তবে এবার পরিস্থিতি বদলেছে। তিন তারকা (মেসি, নেইমার, এমবাপ্পে) বিদায় নেওয়ার পর অনেকটা কম খরচের স্কোয়াড নিয়েই ইউরোপ সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে পিএসজি। এ সাফল্যে বড় ভূমিকা রাখেন ফরাসি উইঙ্গার ওসমান দেম্বেলে—যিনি ১৫ ম্যাচে ৮ গোল ও ৬ অ্যাসিস্ট করে দলকে শিরোপা এনে দেন। তাই তার জায়গা নিশ্চিত হয়েছে ব্যালন ডি’অর মনোনয়ন তালিকায়।
দেম্বেলের সঙ্গে আরও ৮ পিএসজি খেলোয়াড় জায়গা করে নিয়েছেন মর্যাদার এই তালিকায়, যা এবারের আসরে কোনো একক ক্লাব থেকে সর্বোচ্চ।
পিএসজির মনোনীতরা হলেন: জিয়ানলুইজ দোন্নারুমা, দেজিরে দুয়ে, আশরাফ হাকিমি, খাভিচা কাভারাসখেলিয়া, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, ফ্যাবিয়ান রুইজ , ভিতিনহা ।
এর বাইরে, বার্সেলোনার হয়ে মনোনয়ন পেয়েছেন চারজন—পেদ্রি, রাফিনহা, রবার্ট লেওয়ান্ডোভস্কি ও উঠতি প্রতিভা লামিন ইয়ামাল, যিনি কোপা ট্রফির তালিকাতেও রয়েছেন। রিয়াল মাদ্রিদ থেকে আছেন তিনজন—জুদ বেলিংহ্যাম, এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপ ইন্টার মিলান থেকে আছেন ডেঞ্জেল ডাম্ফ্রিস ও লতারো মার্টিনেজ।
মনোনয়নপ্রাপ্ত ৩০ ফুটবলার
জুদ বেলিংহ্যাম, ওসমান দেম্বেলে, জিয়ানলুইজ দোন্নারুমা, দেজিরে দুয়ে, ডেঞ্জেল ডাম্ফ্রিস, সেরহো গুইরেসি, ভিক্টর গিওকারেস, এরলিং হল্যান্ড, আশরাফ হাকিমি, হ্যারি কেন, খাভিচা কাভারেস্খেলিয়া, রবার্ট লেওয়ান্ডোভস্কি, ম্যাক অ্যালিস্টার, লতারো মার্টিনেজ, কিলিয়ান এমবাপ্পে, স্কট ম্যাকটমিনে, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, মাইকেল ওলিস, কোল পালমার, পেদ্রি, রাফিনহা, ডেকলাইন রাইস, ফ্যাবিয়ান রুইজ, মোহামেদ সালাহ, ভারজিল ফন ডাইক, ভিনিসিউস জুনিয়র, ভিতিনহা, ফ্লোরিয়ান উইর্টজ ও লামিন ইয়ামাল।
ভোরের আকাশ/হ.র