ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা ফুটবল, নেতৃত্বের প্রশংসা এএফএর

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন তার সমর্থনে এগিয়ে এসেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। উয়েফা, কনকাকাফ ও এএফসি তার নেতৃত্ব নিয়ে আপত্তি জানিয়ে পদত্যাগের দাবি তুললেও ইনফান্তিনোর প্রতি আস্থা প্রকাশ করেছে আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
এএফএ জানিয়েছে, গত ১০ বছরে ইনফান্তিনো ও তার প্রশাসন বিশ্ব ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই সংগঠন মনে করে, বর্তমান ব্যবস্থাপনার অধীনেই ফুটবলের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব।
এক বিবৃতিতে এএফএ বলেছে, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার প্রশাসনিক কাঠামো ‘সুস্পষ্ট, স্থিতিশীল ও স্বচ্ছ শাসন মডেলের’ ভিত্তিতে গড়ে উঠেছে। তাদের মতে, এই মডেল বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন ও প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।
বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে এএফএ জানায়, প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছিল, যার মাধ্যমে একটি প্রকল্প প্রত্যাহার করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, শুরু থেকেই ওই প্রকল্প ফুটবল অঙ্গনে নিশ্চয়তার চেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি করেছিল।
এএফএ আরও জানিয়েছে, সংশ্লিষ্ট প্রক্রিয়ায় যে ভুলগুলো হয়েছে, তা স্বীকার করা এবং ফিফার ২১১টি সদস্য সংস্থার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এর আগে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে কয়েকটি মহলে সমালোচনা শুরু হলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এই অবস্থান তার জন্য বড় ধরনের সমর্থন হিসেবে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা