ম্যাচ বাঁচানোর বিশ্বাস হারাচ্ছেন না হাসান মাহমুদ

জোহানেসবার্গ টেস্টে চতুর্থ দিনের খেলা শেষে ৫৭ রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১০০ রান করা বাংলাদেশ পড়েছে চাপে। এমন পরিস্থিতিতে ম্যাচ জেতার চেয়ে বাঁচানোই এখন প্রধান লক্ষ্য বলে মনে করছেন টাইগার পেসার হাসান মাহমুদ। তবে ভালো জুটি গড়তে পারলে ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে বিশ্বাস তাঁর।
চতুর্থ দিনের খেলা শেষে হাসান বলেন, ‘আমি মন থেকে বিশ্বাস করি, আমরা পারব। প্রথম ইনিংসে ২০-৩০ রান থেকে যেহেতু আমাদের রান ৪০০ হয়েছে, এখনও আমরা বিশ্বাস করি, ভালো একটা জুটি গড়তে পারলে ভালো রান করতে পারব।’
দক্ষিণ আফ্রিকার লিড ১৫৭ রানের মধ্যে সীমাবদ্ধ রাখার আশা ছিল বাংলাদেশের। তবে শেষ দিকে প্রোটিয়া টেলএন্ডারদের ব্যাটিংয়ে বাড়তি রান যোগ হয়েছে। এ নিয়ে হাসান বলেন, ‘ওদের টেলএন্ডাররা আসাতে কিছু রান লিক হয়েছে। চেষ্টা করেছিলাম এক জায়গায় বল করে যাব। হয়নি সেভাবে। অত চাপ দিতে পারিনি তাদের টেলএন্ডারদের। ওরা পরে ভালো স্কোর করে ফেলে।’
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। দিন শেষে ৫ উইকেটে ১০০ রান নিয়ে মাঠ ছাড়ে দলটি। এমন পরিস্থিতিতে ম্যাচ বাঁচাতে ব্যাটারদের বড় জুটি গড়ার ওপর জোর দিচ্ছেন হাসান।
তিনি বলেন, ‘আমরা যখন ব্যাটিংয়ে নামি, দ্রুত কিছু উইকেট পড়ে যায়। দেখা যায়, এখানে আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া কোনো অপশন নেই। ২-৩টি ভালো জুটিতে যদি ভালো দিন গড়তে পারি, চেষ্টা করবে অবশ্যই ব্যাটাররা, যতক্ষণ আমরা ধরে রাখতে পারি আরকি।’
ম্যাচে বাংলাদেশের ফিল্ডারদের বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া হয়েছে। ফিল্ডিংয়ের এই ব্যর্থতা স্বীকার করলেও দলের চেষ্টায় কোনো ঘাটতি নেই বলে মনে করেন হাসান। তাঁর ভাষ্য, ‘ক্যাচ তো অবশ্যই ধরতে হবে। অবশ্য এগুলো পার্ট অব ক্রিকেট। কেউ তো চায় না ক্যাচ ছাড়তে বা স্লিপে কারও ক্যাচ করুক। আমরা চেষ্টা করছি সব দিক দিয়েই যেন ফিল্ডিং ভালো হয়। আমাদের কোনো দিক থেকেই কমতি নেই।’
মেঘলা আবহাওয়ায় দক্ষিণ আফ্রিকার পেসাররা বাড়তি সুবিধা পেয়েছেন বলেও মনে করেন বাংলাদেশের এই পেসার। একই সঙ্গে স্বাগতিকদের বোলিংয়ের সামনে নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করেছেন তিনি।
হাসান বলেন, ‘এখানে মেঘলা আবহাওয়া ছিল। তাদের ফাস্ট বোলারদের জন্য ভালো সময় ছিল। ভালো সিম মুভমেন্ট পেয়েছে শুরু থেকেই। আমরাও সংগ্রাম করেছি। এখন যদি জুটি বানাতে পারি, চেষ্টা করব কীভাবে আমরা নিজেদের এখান থেকে বাঁচাতে পারি।’
ভোরের আকাশ/সু.পা