বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার কোচ!

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের ভালোবাসা তাদের প্রতিবারই মুগ্ধ করে।
ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দেন লিওনেল স্কালোনি।
তিনি বলেন, ‘বাংলাদেশকে ধন্যবাদ। সত্যিই এটি অসাধারণ এক অনুভূতি। বাংলাদেশের মানুষ সব সময় আমাদের চমকে দেয়। এত দূরে থেকেও আর্জেন্টিনার প্রতি তারা যে ভালোবাসা দেখায়, সেটি অবিশ্বাস্য। নিজের দেশের বাইরে অন্য একটি দেশের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরতে দেখা দারুণ অনুভূতির।’
বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আশা করি, আজ আমরা বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।’
দলের পারফরম্যান্স নিয়েও কথা বলেন বিশ্বকাপজয়ী এই কোচ। তার মতে, সমালোচনা থাকলেও টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দলের ধারাবাহিক সাফল্যেরই প্রমাণ।
স্কালোনি বলেন, ‘এই পর্যায়ে আসতে হলে নিশ্চয়ই আমরা ভালো কিছু করেছি। খেলোয়াড়দের কাছে আমি কৃতজ্ঞ। তারাই আবার আমাদের বিশ্বের সেরা চার দলের মধ্যে নিয়ে এসেছে। এখন পর্যন্ত যা করেছি, তা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত।’
চলতি বিশ্বকাপের নকআউট পর্বে কঠিন পথ পেরিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। স্কালোনির মতে, বড় টুর্নামেন্টে সফল হতে হলে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতেই হয়।
তিনি বলেন, ‘সেমিফাইনাল কিংবা ফাইনালে যেতে হলে কঠিন সময় পার করতে হয়। বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিকূলতা সামলে সামনে এগিয়ে যাওয়া।’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে স্কালোনি বলেন, হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তবে তাদের থামানোর জন্য আর্জেন্টিনার নিজস্ব পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। তবে ইতিহাসের সেই সংঘাতের সঙ্গে ফুটবলকে মেলাতে রাজি নন আর্জেন্টিনা কোচ।
ভোরের আকাশ/এনএ