বিমানবন্দরে মেসিদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি

চলমান বিশ্বকাপে কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকেও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
আর্জেন্টিনা দল বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছে। তাদের বেস ক্যাম্প রয়েছে মিসৌরির কানসাস সিটিতে। পরবর্তী ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল, যা অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।
ম্যাচ খেলতে যাওয়ার আগে মিসৌরি থেকে ফ্লাইট ধরার সময় বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের তল্লাশি করা হয়। সেখানে মেসিকেও মেটাল ডিটেক্টর দিয়ে পুরো শরীর স্ক্যান করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা চেকিংয়ের সময় সতীর্থ রদ্রিগো ডি পলেরও তল্লাশি করা হয়। ওই মুহূর্তে মেসিকে হাসতে দেখা যায়, যা ভিডিওটিকে আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে।
বিশ্বকাপের এই পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, যারা এখন পর্যন্ত তিন ম্যাচে অপরাজিত রয়েছে। নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশ হিসেবে তারা ইতোমধ্যে নজর কেড়েছে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
ভোরের আকাশ/সু.পা