ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকা সফর, বাফুফের সঙ্গে বৈঠক

পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল ভারতের মাটিতে ম্যাচ খেলবে। সেই ম্যাচকে সামনে রেখে ভারতের সুযোগ-সুবিধা পরিদর্শন করছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল। এর অংশ হিসেবে রোববার ঢাকায় আসছে দলটি। তারা রাজধানীর জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা পরিদর্শন করবে।
বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘দুপুরে ব্রাজিল ফেডারেশনের কয়েকজন প্রতিনিধি ঢাকায় আসবেন। বিকেলে আমরা তাদের জাতীয় স্টেডিয়ামে নিয়ে যাব।’
ব্রাজিলের প্রতিনিধি দল ভারতের ম্যাচের প্রস্তুতি দেখতে গিয়ে ঢাকায় কেন আসছে—এ নিয়ে ফুটবল অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে।
ঢাকা সফরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের ফুটবল সম্পর্ক নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে।
এই বৈঠকের পরই বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কোনো প্রীতি ম্যাচ আয়োজন কিংবা দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিনিময় নিয়ে বিস্তারিত ধারণা পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগে ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচ আয়োজন করতে বাফুফেকে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছিল। তবে সেই আয়োজনের ঋণ এখনো আনুষ্ঠানিকভাবে পরিশোধ হয়নি।
ভোরের আকাশ/সু.পা