আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের রেফারি ড্রিউ ফিশার, আলোচনায় পুরোনো বিতর্ক

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন কানাডিয়ান ড্রিউ ফিশার। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির জন্য তাকে চূড়ান্ত করেছে ফিফা। তবে ম্যাচের আগে এই কানাডিয়ান রেফারির অতীতের একটি বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।
ক্যালগারিতে জন্ম নেওয়া ড্রিউ ফিশার উত্তর আমেরিকার ফুটবলে পরিচিত মুখ। নিয়মিত মেজর লিগ সকার (এমএলএস) পরিচালনা করা এই রেফারি এখন পর্যন্ত ২২৯টির বেশি এমএলএস ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিওনেল মেসির ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম লিগ শিরোপা জয়ের ম্যাচেও রেফারি ছিলেন ফিশার। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-২ গোলে হারানো সেই ম্যাচটি তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত দায়িত্বগুলোর একটি।
তবে ২০২৩ সালে কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে মেক্সিকো ও হন্ডুরাসের ম্যাচে ভিএআর কর্মকর্তার দায়িত্ব পালন করতে গিয়ে বিতর্কে জড়ান তিনি। অভিযোগ ওঠে, মেক্সিকোর পক্ষে অতিরিক্ত সময় বাড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল। ম্যাচ শেষে প্রধান রেফারি ইভান বার্টন দাবি করেন, ভিএআর বুথ থেকে ফিশার তাকে অতিরিক্ত সময় আরও বাড়ানোর নির্দেশ দেন। পরে যোগ করা সময়ের দশম মিনিটে মেক্সিকো সমতা ফেরায় এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় তুলে নেয়।
যদিও কয়েকদিন পর মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফাইনাল ম্যাচের রেফারির দায়িত্ব পান ফিশার। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র ২-০ ব্যবধানে জয়ী হওয়ায় আগের বিতর্ক অনেকটাই চাপা পড়ে যায়।
আর্জেন্টিনার ম্যাচে এর আগে মাত্র একবার দায়িত্ব পালন করেছেন ড্রিউ ফিশার। ২০২৪ কোপা আমেরিকার আগে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির দল অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছিল। পরবর্তীতে সেই বছরই কোপা আমেরিকার শিরোপা জেতে আলবিসেলেস্তেরা।
চলমান বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ফিশার। ইতোমধ্যে ইরাক-ফ্রান্স এবং ক্রোয়েশিয়া-ঘানা ম্যাচ পরিচালনা করেছেন তিনি। দুই ম্যাচেই জয় পেয়েছে ইউরোপের দল।
এ ছাড়া গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও দুটি ম্যাচ পরিচালনা করেন ড্রিউ ফিশার। প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে বোটাফোগোর চমকপ্রদ জয় এবং তিউনিসিয়ার উইদাদের বিপক্ষে আল আইনের জয়ের ম্যাচেও দায়িত্বে ছিলেন এই কানাডিয়ান রেফারি।
ভোরের আকাশ/সু.পা