সোবহানার সেঞ্চুরি ও নিগারের ৭৪ রানে বাংলাদেশের ইতিহাস

শুরুতেই ৮ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল। চতুর্থ উইকেটে ১৯৫ রানের রেকর্ড জুটি গড়ে একাধিক কীর্তি গড়েছেন এই দুই ব্যাটার।
সোবহানার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ও নিগারের দায়িত্বশীল ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েছে বাংলাদেশ।
শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না বাংলাদেশের। ফারজানা হক, শারমিন সুলতানা ও শারমিন আখতারের দ্রুত বিদায়ে মাত্র ৮ রানেই ৩ উইকেট হারায় দল। এরপর চাপ সামাল দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন নিগার ও সোবহানা। তাঁদের ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
চতুর্থ উইকেটে ১৩৯ বলে ১১০ রান যোগ করেন এই দুই ব্যাটার। ৬৬ বলে ৯টি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সোবহানা। পরে ৯৭ বলে ৫টি চারে পঞ্চাশ ছোঁন নিগার সুলতানা। তাঁদের জুটি ২০৮ বলে ১৫০ রানের মাইলফলক পেরিয়ে যায়।
দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যান সোবহানা। ১২৩ বলে ১৫টি চারের সাহায্যে ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করেন তিনি। তাঁর ব্যাটিংয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।
তবে ২০০ রানের জুটি গড়ার আগেই বিচ্ছিন্ন হন দুজন। ইনিংসের ৪৮তম ওভারের পঞ্চম বলে মেগান স্কাটের শিকার হন সোবহানা। ১৩৪ বলে ১৮টি চারে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। নারী ক্রিকেটে বাংলাদেশের হয়ে যেকোনো ফরম্যাটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
নিগার ও সোবহানার ১৯৫ রানের জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে সর্বোচ্চ। একই সঙ্গে বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসেও যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। এর আগে ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের এমিলি ড্রুম ও রেবেকা জেন রোলস দ্বিতীয় উইকেটে ১৭০ রান যোগ করেছিলেন।
শেষ দিকে দ্রুত দুটি উইকেট হারালেও দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে ভূমিকা রাখেন নিগার সুলতানা। ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। নির্ধারিত ইনিংস শেষে ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ভোরের আকাশ/সু.পা