নেওয়াজকে বিশ্বসেরা স্পিনার বললেন পাকিস্তান কোচ

পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নেওয়াজের দারুণ সময় যাচ্ছে বললে ভুল হবে না। আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হ্যাটট্রিকসহ নিয়েছেন ৫ উইকেট। শেষ ১১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার শিকার ২০ উইকেট। তবে এতেই কি তিনি বিশ্বসেরা স্পিনার? পাকিস্তান কোচ মাইক হেসন কিন্তু সে দাবিই করেছেন।
এশিয়া কাপ- ২০২৫ এ পাকিস্তানের মিশন শুরু হচ্ছে আজ। দুবাইতে প্রথম ম্যাচে ম্যান ইন গ্রিনরা মুখোমুখি হবে ওমানের। তবে আসল উত্তেজনা অপেক্ষা করছে দুই দিন পর। ১৪ সেপ্টেম্বর একই ভেন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবেন সালমান আঘারা। সবশেষ এ দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তাই আসন্ন ম্যাচ ঘিরে আগ্রহ, রোমাঞ্চ দুই-ই তুঙ্গে। ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে যেন প্রতিপক্ষকে কিছুটা ভড়কে দিতে চাইলেন পাকিস্তান কোচ মাইক হেসন।
ভারতের বিপক্ষে মহারণের আগে পাকিস্তানের হোয়াইট বল কোচ মাইক হেসন করলেন সাহসী দাবি। তার মতে, পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজই এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। হেসন বলেন, যখন দলে এমন রিস্ট স্পিনার থাকে, তখন উইকেট কেমন তা তেমন বড় ব্যাপার হয় না। আমাদের আসল শক্তি হলো, দলে পাঁচজন স্পিনার আছে। নওয়াজ আছেন, যিনি বর্তমানে বিশ্বের সেরা স্পিনার। গত ছয় মাস ধরে দলে ফেরার পর থেকে র্যাঙ্কিংও তা প্রমাণ করছে।
গত সপ্তাহেই আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে মাতিয়ে দিয়েছেন নওয়াজ। ৭ সেপ্টেম্বর, শারজাহতে সিরিজের ফাইনালে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি, যার মধ্যে ছিল এক হ্যাটট্রিকও। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা মাত্র তৃতীয় পাকিস্তানি বোলার।
হেসন আরও যোগ করেন, আমাদের কাছে আবরার আহমেদ, সুফিয়ান মুকিমও আছে। সাইম আয়ুব এখন বিশ্বের শীর্ষ ১০ অলরাউন্ডারের মধ্যে একজন। সালমান আলী আগা খুব বেশি বোলিং না করলেও পাকিস্তানের টেস্ট স্পিনার। তাই কন্ডিশন অনুযায়ী আমাদের স্পিন আক্রমণ ভরসা দেওয়ার মতো।
শুধু স্পিন নয়, পেস আক্রমণেও শক্তিশালী পাকিস্তান। হেসনের ভাষায়, আমাদের হাতে পাঁচজন পেসারও আছে। প্রয়োজনমতো গতি, ভ্যারিয়েশন কিংবা রিভার্স সুইং- সব দিক দিয়েই আমরা প্রস্তুত।
ভোরের আকাশ/তা.কা