আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝেই শুক্রবার (১২ জুন) এই ঘোষণা দেন তিনি। এর মধ্য দিয়ে ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন কিউই কিংবদন্তি।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১১৫ রানে হেরেছে নিউজিল্যান্ড। সেই ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে উইলিয়ামসনের শেষ ম্যাচ হয়ে থাকল। ফলে সিরিজের বাকি দুই টেস্টে আর দেখা যাবে না তাকে।
৩৫ বছর বয়সী উইলিয়ামসন অবসরের সিদ্ধান্ত নিয়ে বলেন, “আমি বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। তবে গত কয়েক দিনে বুঝতে পেরেছি, বিদায় বলার জন্য এটাই সঠিক সময়।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমার সবসময়ই প্রবল আবেগ ও ক্ষুধা ছিল। নিউজিল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এটা ভেবে আমি গর্বিত।”
নিজের সিদ্ধান্তে বিদায় নিতে পারায় সন্তুষ্টি প্রকাশ করে উইলিয়ামসন বলেন, “আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে সম্মানের সঙ্গে নিজের সিদ্ধান্তে অবসর নিতে পারছি।”
নিউজিল্যান্ড দলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী এই ব্যাটার। তিনি বলেন, “দলটি যেদিকে এগিয়ে যাচ্ছে, তা নিয়ে আমি রোমাঞ্চিত। এই দলে প্রচুর প্রতিভা রয়েছে এবং বড় কিছু করার তীব্র ইচ্ছাও আছে।”
টেস্ট ক্রিকেটে ১১০ ম্যাচে ৩৩ সেঞ্চুরি ও ৩৮ ফিফটির সাহায্যে ৫৪.০৬ গড়ে ৯ হাজার ৫১৫ রান করেছেন উইলিয়ামসন। ওয়ানডেতে ১৭৫ ম্যাচে ১৫ সেঞ্চুরি ও ৪৭ ফিফটিতে তার সংগ্রহ ৭ হাজার ২৫৬ রান।
নেতৃত্বেও ছিলেন সফল। তার অধিনায়কত্বে নিউজিল্যান্ড ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। এছাড়া ২০২১ সালে ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে ইতিহাস গড়েছিল কিউইরা।
আন্তর্জাতিক ক্রিকেটে উইলিয়ামসন ৪০ টেস্ট, ৯১ ওয়ানডে এবং ৭৫ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। চারবার স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জয়ের পাশাপাশি ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন তিনি।
অবসরের কারণে আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপেও আর দেখা যাবে না তাকে। তার বিদায়ের পর সিরিজের বাকি দুই টেস্টের জন্য শিগগিরই বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ভোরের আকাশ/সু.পা