এশিয়া কাপের সময়সূচিতে পরিবর্তন, রাতে মাঠে নামবে বাংলাদেশ

আসর শুরু হওয়ার আগেই বদলে গেল এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচি। এবারের আসরের মোট ১৯টি ম্যাচের মধ্যে ১৮টিতেই সময় পরিবর্তন আনা হয়েছে। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ম্যাচগুলো শুরু হবে। ফলে বাংলাদেশ সময় অনুযায়ী প্রতিটি ম্যাচ গড়াবে রাত সাড়ে ৮টা থেকে।
তবে ব্যতিক্রম রয়েছে কেবল একটি ম্যাচে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার লড়াইটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)। ম্যাচটি হবে ১৫ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
ক্রিকবাজের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মূলত প্রচণ্ড গরমের কারণে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে আরব আমিরাতে দিনের বেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে চলে যায়, তবে সন্ধ্যার পর আবহাওয়া কিছুটা সহনীয় হয়। এজন্য বোর্ডগুলোর অনুরোধে সম্প্রচারকারীরা ম্যাচ শুরুর সময় পিছিয়ে দিয়েছেন।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সবগুলো ম্যাচই শুরু হবে রাত সাড়ে ৮টায়।
উল্লেখ্য, এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে—যা আগের আসরের তুলনায় দুইটি বেশি। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, আমিরাত ও ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।
ভোরের আকাশ//হ.র