বৃষ্টি বাধায় খেলা বন্ধ, ১২০ রানে এগিয়ে বাংলাদেশ

মিরপুর টেস্টে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। লাঞ্চ বিরতির পর ভারী বৃষ্টির কারণে মাঠে আর কোনো বল গড়ায়নি। পরিস্থিতির অবনতি হলে দুই দলের খেলোয়াড়রা ফিরে যান সাজঘরে। সর্বশেষ খবর অনুযায়ী বৃষ্টি থেমেছে, তবে স্টেডিয়ামের বিভিন্ন অংশে পানি জমে থাকায় মাঠ খেলার উপযোগী করতে সময় লাগবে।
এর আগে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ বিনা উইকেটে ৭ রান নিয়ে। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। মাহমুদুল হাসান জয় ২৬ বলে ৫ রান করে দলের ১৫ রানের মাথায় ফিরে যান। এরপর সাদমান ইসলাম ২২ বলে ১০ রান করে আউট হন, দলীয় স্কোর তখন ২৩।
দুই ওপেনারের বিদায়ের পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ধীরস্থির ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে তারা পরিস্থিতি সামাল দেন। উইকেটের চারপাশে শট খেলে রান বের করেন এবং স্ট্রাইক ঘুরিয়ে দলের ইনিংস সচল রাখেন। তাদের জুটিতে ধীরে ধীরে চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ।
লাঞ্চ বিরতির আগ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি টাইগাররা। মুমিনুল ও শান্তর বোঝাপড়ায় ইনিংস স্থিতিশীল হয় এবং স্কোরবোর্ডে রান যোগ হতে থাকে। লাঞ্চে বাংলাদেশ ২ উইকেটে ব্যাট করছে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ও হাসান আলী একটি করে উইকেট নেন।
ভোরের আকাশ/সু.পা