আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি, কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের তৃণমূল পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার (২৮ জুন) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে আয়োজিত কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান অনুষ্ঠান এবং ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একদিকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনছে। কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা তাদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথার্থ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ২৩ জন খেলোয়াড়কে সম্মাননা ও প্রাইজমানি প্রদান করা হয়।
সংবর্ধনা শেষে প্রতিমন্ত্রী ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি দেশে বেসবল খেলার বিকাশে আনসার-ভিডিপির ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন এবং চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে। রাজধানীকেন্দ্রিক না রেখে বেসবলের মতো সম্ভাবনাময় খেলাকে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। এর মাধ্যমে তৃণমূল থেকে নতুন প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির সুযোগ আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ক্রীড়া মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার সরকারি উদ্যোগে আনসার-ভিডিপি গর্বিত অংশীদার হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, বিকেএসপির সহযোগিতায় আনসার-ভিডিপি প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও তাদের দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বাহিনীর অসংখ্য খেলোয়াড় ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে ক্রীড়া উন্নয়ন, প্রতিভা লালন এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা এবং জাতীয় বেসবল টুর্নামেন্টের সফল আয়োজন সেই ধারাবাহিকতারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
ভোরের আকাশ/এনএস