বিশ্বকাপের ৩০ দলও ছুঁতে পারেনি মেসির গোল রেকর্ড

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গ্রুপপর্ব শেষে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬-এ। বিস্ময়কর বিষয় হলো, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে ৩০টি দলই এখন পর্যন্ত মেসির সমান গোলও করতে পারেনি।
এদিকে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নতুন বিশ্বরেকর্ডও গড়েছেন মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জাইরজিনহো (১৯৭০)। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাসের পাতায় নাম লেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকা মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে একটি গোল করেছেন।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচের পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে সতীর্থদের সুযোগ দিতে শুরুর একাদশে ছিলেন না তিনি। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে দারুণ এক ফ্রি-কিক থেকে নিজের ষষ্ঠ গোলটি করেন। এর আগে জিওভান্নি লো সেলসো ও লাউতারো মার্টিনেজ একটি করে গোল করে দলকে এগিয়ে দেন।
গ্রুপপর্ব শেষে দেখা গেছে, আর্জেন্টিনাকে বাদ দিলে মাত্র ১৭টি দল মেসির চেয়ে বেশি গোল করেছে। মেসির চেয়ে কম গোল করা দলগুলোর মধ্যে রয়েছে শিরোপাপ্রত্যাশী স্পেন এবং পর্তুগালের গ্রুপসঙ্গী কলম্বিয়াও। স্পেন, ক্রোয়েশিয়া, মিসর, আলজেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা পাঁচটি করে গোল করেছে। এছাড়া চারটি দলের গোলসংখ্যা ৪, চারটি দলের ৩, ১২টি দলের ২ এবং চারটি দলের ১। একমাত্র পানামা এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি।
গ্রুপপর্ব শেষে সর্বোচ্চ ১০টি করে গোল করেছে জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। কানাডার গোল ৯টি। আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, নরওয়ে ও সেনেগাল করেছে ৮টি করে গোল। ব্রাজিল, জাপান, সুইডেন ও সুইজারল্যান্ডের গোলসংখ্যা ৭। এছাড়া পর্তুগাল, ইংল্যান্ড, মেক্সিকো, মরক্কো, অস্ট্রিয়া ও বেলজিয়াম করেছে ৬টি করে গোল।
ভোরের আকাশ/সু.পা