শুক্রবার বোর্ড সভায় বিসিবির সভাপতি হচ্ছেন বুলবুল

সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সূত্র জানিয়েছে, শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টায় ডাকা বোর্ড পরিচালনা পর্ষদের সভাতেই তাকে সভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হবে।
বর্তমান সভাপতি ফারুক আহমেদ এখনো তার পদ ছাড়তে রাজি নন বলে জানিয়েছেন। তার অভিযোগ, তাকে অন্যায়ভাবে ও জোরপূর্বক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যার বিষয়ে তিনি আইসিসিকে অবহিত করেছেন। তবে এ অভিযোগের ভিত্তিতে আইসিসি কোনো ব্যবস্থা নেয় কি না, সেটাই দেখার বিষয়।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে বিসিবির আটজন পরিচালক আনুষ্ঠানিকভাবে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। এর কিছু সময়ের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবিতে একটি চিঠি পাঠায়, যেখানে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়। একইসঙ্গে আরেকটি চিঠিতে এনএসসির মনোনীত ৫ কাউন্সিলরের একজন হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম প্রস্তাব করা হয়।
বোর্ড সূত্র জানিয়েছে, শুক্রবারের সভায় সভাপতিত্ব করবেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সভায় নতুন পরিচালক হিসেবে বুলবুলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে এবং পরে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। সম্ভাব্য একমাত্র প্রার্থী হিসেবে বুলবুলই সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া জানা গেছে, সভায় উপস্থিত থাকবেন আরেক পরিচালক আকরাম খানও। যদিও তিনি তার আত্মীয় ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা পত্রে স্বাক্ষর করেননি, তবে নতুন সভাপতি নির্বাচনের গুরুত্বপূর্ণ এই সভায় তিনি অংশ নিচ্ছেন।
বিসিবির এই পরিবর্তন আগামী চার মাসের জন্য কার্যকর থাকবে, যা পরবর্তী বোর্ড নির্বাচনের আগপর্যন্ত বহাল থাকবে।
ভোরের আকাশ//হ.র