ব্যর্থতা সত্ত্বেও লিটনের ওপরই আস্থা রাখছেন প্রধান কোচ সিমন্স

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতায় ভুগছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে একমাত্র ওয়ানডেতে শূন্য রান এবং প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রানে আউট হয়ে আবারও সমালোচনার মুখে পড়েছেন এই ডানহাতি ব্যাটার।
তবুও তার প্রতি পূর্ণ আস্থা রাখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগের দিন সংবাদ সম্মেলনে লিটন প্রসঙ্গে আশাবাদী কণ্ঠে কথা বলেন তিনি।
সিমন্স বলেন, “আপনিই তো তার পারফরম্যান্স নিয়ে পর্যবেক্ষণ দিয়ে দিলেন (হাসি)। হ্যাঁ, এটা সত্যি যে লিটনের আত্মবিশ্বাস এখন অনেক নিচে। তবে আমরা জানি, ওর সামর্থ্য কতটা। আমরা তার সঙ্গে কাজ করে যাচ্ছি এবং চেষ্টা করছি তাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে। আশা করছি, সে আগামী ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারবে এবং নিজের সামর্থ্য প্রমাণ করতে পারবে।”
দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে সিমন্স বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে আগের ম্যাচে যেখানে খারাপ করেছি, সেসব জায়গায় উন্নতি করা। আমাদের আরও বেশি রান করতে হবে এবং বিশেষ করে প্রথম ছয় ওভারে আরও ভালো বোলিং করতে হবে। যদি প্রতিপক্ষের সঙ্গে লড়তে চাই, তাহলে এসব জায়গায় উন্নতি আনতেই হবে। আমরা প্রস্তুত আছি, এটা নিয়ে কাজ করেই যাচ্ছি।”
ডাম্বুলার মাঠ ও কন্ডিশন নিয়েও কথা বলেন সিমন্স। তিনি বলেন, “বিশ্বের অনেক মাঠেই আমাদের খেলোয়াড়রা আগে খেলেনি। এখানে উইকেট ভালো, গ্রাউন্ড বড়—এই ভিন্ন ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। ক্যান্ডিতে আমরা এ নিয়ে কাজ করেছি। মিরপুরের তুলনায় এখানের বড় মাঠে কীভাবে বেশি রান তোলা যায়, সেটা নিয়েও পরিকল্পনা করছি। আজ আবারও মাঠ পরিদর্শন করে কালকের ম্যাচের জন্য প্রস্তুতি নেব।”
প্রধান কোচের বক্তব্যে স্পষ্ট, ব্যর্থতার মধ্যেও লিটনের ওপর ভরসা হারাচ্ছেন না টিম ম্যানেজমেন্ট। এখন দেখার পালা, লিটন নিজেকে প্রমাণ করতে পারেন কি না মাঠের পারফরম্যান্সে।
কালের সমাজ//হ.র